উজানের পাহাড়ি ঢলে রংপুর অঞ্চলে পাঁচ জেলায় দ্বিতীয় দফায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। বন্যার ক্ষত না শুকাতেই আবারো বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ফলে বন্যার কবলে পড়তে যাচ্ছেন নদীর তীরবর্তী নিম্নাঞ্চল, চর ও দ্বীপচরের বাসিন্দারা। এতে এবার এ অঞ্চলের হতদরিদ্র পরিবারগুলোর মাঝে নেই ঈদ আনন্দ।
এসব পরিবার ছেলেমেয়েদের জামা-কাপড় তো দূরের কথা, এক টুকরো মাংস মুখে দিতে পারবে না- এমনটাই জানিয়েছে এ অঞ্চলের হতদরিদ্র বন্যাকবলিত মানুষজন।
সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, উজানের পাহাড়ি ঢলে বুধবার সকাল থেকে বাড়তে শুরু করেছে তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা, ঘাঘট, দুধকুমারসহ রংপুর অঞ্চলের প্রায় সব ছোট-বড় নদীর পানি। উজানের ভারি বৃষ্টি অব্যাহত থাকলে যেকোনো সময় বড় ধরনের বন্যার শঙ্কা রয়েছে।
তবে বৃহস্পতিবার তিস্তার পানি বিপৎসীমার নিচে ছিল। এ বন্যার কারণে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধাসহ এই অঞ্চলের ৫ জেলার বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। অনেক বসতবাড়িতে পানি উঠেছে। আমন চারা, ধান, ভুট্টা, পাট, বাদামসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠার কারণে পাঠ্যদান স্থগিত রয়েছে। বন্যাদুর্গতরা উঁচু স্থানসহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এতে রংপুর অঞ্চলের বন্যাকবিলত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট সৃষ্টি হয়েছে। এ কারণে এবার আসন্ন ঈদুল আজহার আনন্দ মলিন হতে বসেছে। হতদরিদ্র এসব পরিবার দিশেহারা হয়ে পড়েছে।
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বন্যায় রংপুর বিভাগের ৫ জেলায় রোপা ১৮ হাজার ৩৯৫ হেক্টর আমনের বীজতলাসহ অন্যান্য ফসল নিমজ্জিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি কুড়িগ্রামে ১৫ হাজার ৮৫১ হেক্টর, গাইবান্ধায় ২ হাজার ১৫১ হেক্টর, লালমনিরহাটে ৩৮০ হেক্টর ও রংপুরে ১০ হেক্টর রয়েছে। বন্যার পানি দীর্ঘস্থায়ী ও জলাবদ্ধতা হলে এসব ফসল কৃষকরা ঘরে তুলতে পারবে না বলে শঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে শিক্ষা বিভাগ সূত্র জানায়, বন্যায় রংপুর বিভাগের ৫ জেলায় প্রায় সাড়ে চার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্যার কবলে পড়েছে। এর মধ্যে কলেজ, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাইমারি স্কুল রয়েছে; যার বেশির ভাগ কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার।
এদিকে রংপুর অঞ্চরের নদ-নদীর পানি বৃদ্ধির কারণে নদীর তীরবর্তী এলাকার মানুষজনের মধ্যে চর দুর্ভোগ দেখা দিয়েছে। আসন্ন ঈদকে ঘিরে এই অঞ্চলের মানুষজনদের মাঝে হতাশার ছায়া নেমে এসেছে। তারা ঈদ তো দূরের কথা বন্যা মোকাবিলা কীভাবে করবেন- সেই চিন্তায় মানবেতর জীবনযাপন করছেন।
এ অবস্থায় বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়াসহ রংপুর অঞ্চলের ৫ জেলার দ্বীপ চরসহ চরাঞ্চলের মানুষদের কোরবানির ঈদের আনন্দ মলিন হয়ে গেছে। বিশেষ করে হতদরিদ্র পরিবারগুলো ছেলেমেয়েদের নতুন জামা-কাপড় তো দূরের কথা, এক টুকরো মাংস মুখে তুলে দেওয়ার কথাও ভাবতে পারছে না।
কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মন্ডলের চর, ঝুনকার চরসহ ভোগাডাঙ্গা এলাকার বেশ কয়েকজন বলেন, যেভাবে বন্যা শুরু হইছে। তাতে বাঁচা বড় দায়। গরিবের আবার কিসের ঈদ।
গঙ্গাচড়ার উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের কেল্লারপাড় গ্রামের নুর মোহাম্মদ ও সাহেরা বেগম বলেন, প্রতি বছর বন্যায় ভাঙতে ভাঙতে সব কিছু হারিয়েছি। বাড়িঘর ছিল সব হারিয়ে পথে বসেছি। কিসের ঈদ। ঈদ আসলে কষ্টে বুকটা ফাটি যায়। কারণ ছেলে-মেয়েকে জামা-কাপড়তো দেওয়া দূরের কথা, একটু টুকরো মাংস তুলে দেওয়ারও ক্ষমতা নেই। কী যে করব বুঝে উঠতে পারছি না।
কুড়িগ্রামের গারুহারা চরের মোফাজ্জল হোসেন বলেন, দিন মজুরের কাজ করে দিন চলছে। কিন্তু বন্যায় বেকার হয়ে পড়েছি। ৭ জনের পরিবার নিয়ে খুব কষ্টে রয়েছি। বন্যাকালীন সময়ে মাত্র ১০ কেজি চাল পেয়েছি। তাও শেষ হয়ে গেছে। এ অবস্থায় কীভাবে ঈদের কথা ভাবতে পারি। আমাদের কোনো ঈদ নেই।
উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের বালাডোবার চরের হাজেরা বেগম বলেন, ৩ থেকে ৪ মাস ধরে আমার স্বামীর হাতে কোনো কাজ নেই। ঘরে খাবার নেই। ঈদ আসলেও ছেলে-মেয়েদের মাংস খাওয়ানোর কোনো উপায় নেই।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন, তিস্তাসহ বিভিন্ন নদ-নদীর পানি কমা বাড়ার মধ্যে রয়েছে। রংপুর জেলার গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার বন্যায় নিয়ন্ত্রণ বাঁধের বাইরে নদী অববাহিকায় বা চরাঞ্চলের বাসিন্দাদের সতর্কবার্তা পাঠানোসহ স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051