জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের আরো চারটি বগি ও দুটি ইঞ্জিন নিয়ে চতুর্থ দফায় মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি প্রেসার্স কোরাল।
জাহাজটি রবিবার বিকেল ৫টার দিকে বন্দর জেটিতে ভিড়ে। এরপর বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরের কাগজপত্রের কাজ সম্পন্ন হওয়ার পর জাহাজ থেকে বগি ও ইঞ্জিন নামানোর কাজ শুরু হয়।
জাহাজ থেকে সরাসরি বার্জে (নৌযান) এ বগি ও ইঞ্জিন খালাস করা হচ্ছে। খালাস শেষে এগুলো নদী পথে ঢাকার উত্তরার দিয়াবাড়ী ডিপোতে নেয়া হবে বলে জানিয়েছেন বিদেশি জাহাজ এমভি প্রেসার্স কোরাল’র স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান।
তিনি বলেন, চতুর্থ দফায় আসায় চারটি বগি ও দুটি ইঞ্জিনের সঙ্গে আনুষঙ্গিক আরো সরঞ্জামাদি রয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, এর আগে গত ৩১ মার্চ এমভি এসপিএন ব্যাংকক জাহাজে ছয়টি, ৫ মে এমভি ওশান গ্রেস জাহাজে ছয়টি বগি ও ২০ জুলাই এমভি হরিজন-০৯ জাহাজে ১০টি বগি ও ২টি ইঞ্জিন খালাস হয়েছে এ বন্দর দিয়ে। আর রবিবার আরো চার বগি ও দুই ইঞ্জিন নিয়ে এমভি প্রেসার্স কোরাল মোংলা বন্দরে ভিড়েছে।
গত ২৯ আগস্ট শেষে রাজধানীর দিয়াবাড়ি ডিপোর ভায়াডাক্টে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল উদ্বোধন করা হয়।
দেশের প্রথম মেট্রোরেল পরিষেবা আগামী বছরের ডিসেম্বরে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রকল্পের সর্বশেষ অগ্রগতি প্রতিবেদনের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের যে ৬৪ শতাংশ কাজ হয়েছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত কাজের অগ্রগতি প্রায় ৮৫ শতাংশ। আর আগারগাঁও থেকে মতিঝিল অংশের পূর্তকাজ হয়েছে প্রায় ৬০ শতাংশ। পাশাপাশি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিস্টেম ও রোলিং স্টক ও ডিপোর ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি প্রায় ৫৫ শতাংশ।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, প্যাকেজ-১-এর আওতায় ডিপো এলাকায় ভূমি উন্নয়নকাজ শুরু হয় গত ৮ সেপ্টেম্বর ২০১৬ সালে। নির্ধারিত সময়ের আগে শেষ হওয়ায় সরকারের ৭০ কোটি ৫৮ লাখ টাকা সাশ্রয় হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051