
লালমোহন (ভোলা) প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে লালমোহন উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতা ও সম্মাননা অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষক (ইংরেজি) হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ রিয়াজ উদ্দিন। তিনি লালমোহনের সাফিয়া খানম বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (ইংরেজি) হিসেবে কর্মরত।
গত ৮ জানুয়ারি ২০২৬ লালমোহন উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাঁর পেশাগত দক্ষতা, আধুনিক ও সৃজনশীল পাঠদানের কৌশল, শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা উন্নয়নে কার্যকর অবদান এবং ধারাবাহিক শিক্ষাগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।
মোঃ রিয়াজ উদ্দিন বর্তমানে ইংলিশ টিচার্স ক্লাব, লালমোহন-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ করা, ইংরেজি ভাষা চর্চা জোরদার করা এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে তিনি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।
এর আগে তিনি ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুদাসকাঠি আব্দুর রব কামিল মাদ্রাসায় ইংরেজি বিষয়ে শিক্ষকতা করে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা কলেজের ইংরেজি বিভাগ থেকে অধ্যয়ন সম্পন্ন করেন, যা তাঁর গভীর বিষয়ভিত্তিক জ্ঞান ও দক্ষ শিক্ষকতার প্রতিফলন ঘটায়।
তাঁর নিবিড় তত্ত্বাবধান ও অনুপ্রেরণায় সাফিয়া খানম বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা ইংরেজি বক্তৃতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিত সাফল্য অর্জন করে আসছে। চলতি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতায় দশম শ্রেণির শিক্ষার্থী সামিয়া ইমা উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে, যা তাঁর দক্ষ ও প্রেরণাদায়ক শিক্ষকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
শিক্ষাক্ষেত্রে নিষ্ঠা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং শিক্ষার্থীবান্ধব আচরণের জন্য মোঃ রিয়াজ উদ্দিন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলে সমানভাবে প্রশংসিত। তাঁর এ কৃতিত্বপূর্ণ অর্জনে সহকর্মী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।