ঢাকায় মক্কার পবিত্র জমজমের পানি বিক্রি আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার। গতকাল অধিদফতরের সভাকক্ষে এক মতবিনিময় শেষে মহাপরিচালক মো: শফিকুজ্জামান জানান, জমজমের পানি বিক্রি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, আমার মতে, অবৈধভাবে জমজমের পানি বিক্রি হচ্ছে এবং এটাকে এখানে বাণিজ্যিকীকরণ করা হয়েছে। এখন এ নিয়ে করণীয় নির্ধারণ করবে মার্কেট কমিটি। তারা আগামী বুধবারের মধ্যে আমাদের জানাবেন যে এ বিষয়ে কী করা যায়। তারপর আমরা সিদ্ধান্ত নেবো। জমজমের পানি বিক্রি আপাতত বন্ধ থাকবে। আমাদের গোয়েন্দা সংস্থা সেখানে কাজ করবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বিক্রি করলে, প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হবে। তিনি আরো বলেন, আমরা মালিক সমিতি ও ব্যবসায়ীদের লিখিত মতামত নেবো। তারপর ইসলামিক ফাউন্ডেশনের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেবো। বিশ্বাসের কথা বলে জমজমের পানি বিক্রি করা যাবে না, উৎস জানতে হবে।
ভোক্তার ডিজি বলেন, আমার যতটুকু ধারণা, ছোট বোতল এখানেই রিফিল হয়। আমরা গোয়েন্দা সংস্থাকে এ বিষয়ে কাজে লাগাব। যেখানেই তথ্য পাব সেখানেই অভিযান চালাব। আমার মনে হয় এটি করা দরকার, কারণ একটা দেশের ভাবমর্যাদার বিষয় এটা। আর ভোক্তার সাথে প্রতারণার বিষয় তো আছেই।
সভায় বিক্রেতারা জানান, তারা একটি দুটি বোতল হাজিদের কাছ থেকে কিনতেন। শুধু বিশ্বাসের ওপর নির্ভর করে তারা কিনে বিক্রি করতেন।
সভায় অধিদফতরের পরিচালক (অর্থ ও প্রশাসন) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, উপ-পরিচালক আতিয়া সুলতানা, সহকারী পরিচালক এবং ঢাকা জেলা কার্যালয়ের প্রধান আব্দুল জব্বার মণ্ডলসহ বিক্রেতা, ব্যবসায়ী ও ক্যাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051