জনবিচ্ছিন্ন দলই নির্বাচন বর্জনের কথা বলে। যাদের রাজনীতি জনগণনির্ভর, তারা নির্বাচন বর্জন করে না। কথাগুলো বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় মন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চেক ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেন। এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রাঙ্গুনিয়া শাখা।
বিএনপি এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না- এ বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যে ২০ দলীয় জোট বলছে, সেই জোট থেকে বেশ কয়েকটি দল পালিয়ে গেছে। এখন ২০ দলীয় জোট যে কত দলীয় জোট, সেটি একটি পরীক্ষা-নিরীক্ষার বিষয়। বিএনপি নেতারা যে বলছেন, সব দলকে নিয়ে আন্দোলন করবেন, তাদের মধ্যের ঐক্যটাই তো ভেঙে গেছে।
আগের নির্বাচনের কথা স্মরণ করিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ২০১৮ সালের নির্বাচন বর্জনের কথা বলেছিল বিএনপি। শেষ পর্যন্ত তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। যেসব দলের কোনো জনভিত্তি নেই, নির্বাচন বর্জনের কথা তারাই বলে। বিএনপিকে যদি জনমুখী রাজনৈতিক দল হিসেবে টিকিয়ে রাখতে হয়, তাহলে নির্বাচনে অংশ নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই।
বিএনপি অতীতের মতো আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে নির্বাচন বর্জনের দিকে যাবে না বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
বাংলাদেশ আজ সারাবিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির উল্লেখ করে তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশ্বাস করে-ধর্ম যার যার, উৎসব সবার।
অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন রাঙ্গামাটির জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ অভেদানন্দ ব্রহ্মচারী। এতে সভাপতিত্ব করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমার শর্মা। উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক বেনু কুমার দে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিল্লোল বিশ্বাস, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, রাঙ্গুনিয়া উপজেলার নির্বাহী অফিসার মো. ইফতেখার ইউনুচ, সহকারী কমিশনার (ভূমি) বাবু রাজীব চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051