
জনগণ আগুন সন্ত্রাসীদের সঙ্গে নয়, উন্নয়ন ও শান্তির সঙ্গে থাকবে বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রোববার বড়গ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঘাটনগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত জনগণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি যদি আবার আগুন সন্ত্রাস করে, জনগণের সম্পদ নষ্ট করে আর আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধর করে তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। যারা পুলিশ হত্যা করে তাদের সঙ্গে কোনো সমঝোতা হতে পারে না বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এ অত্যাচার নির্যাতন ও আগুন সন্ত্রাসীর কাছে মাথা নত করে তাহলে দেশের ১৭ কোটি মানুষের মাথানত হয়ে যাবে। প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন- আমার জীবন যেতে পারে কিন্তু আমি সন্ত্রাসীদের হাতে দেশ তুলে দিয়ে যাব না।
ঘাটনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকলেসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোরশেদ, পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, ঘাটনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বজলুর রশীদ প্রমুখ।
ভিন্নবার্তা/এমএসআই