গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আবুল কাশেম (৪৫) নামে এক পোশাককর্মী নিহত হয়েছেন। বুধবার রাত সোয়া ৮টার দিকে টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) মোহাম্মদ ইলতুৎমিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
আবুল কাশেম জামালপুর জেলার ইসলামপুর থানার পাতসী গ্রামের মৃত নুর হোসেনের ছেলে। তিনি পরিবার নিয়ে মরকুন টেকপাড়া এলাকার মৃত আমিনুল হকের বাড়িতে ভাড়া থাকতেন এবং স্থানীয় নোমান ফেব্রিকস-২ এর সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের শ্যালক সোলয়ামান জানান, রাত আটটায় কারখানা ছুটির পর বাসায় ফেরার পথে টেকপাড়া হাউজিং সোসাইটির বালুর মাঠে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত আবুল কাশেমের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আশপাশের লোকজন তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। পরে তাকে টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোলায়মান আরো বলেন, কিছুদিন আগে কারখানার একজন শ্রমিকের বিরুদ্ধে এজিএমের অভিযোগ করেছিল আমার দুলাভাই। ওই ঘটনায় অভিযুক্ত শ্রমিককে চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ। হয় তো ওই ঘটনার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুরুন্নাহার জান্নাত বলেন, হাসপাতালে আনার আগেই ওই পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার বুকের ওপর, পেটের নিচের অংশ ও পিঠে গভীর জখমের চিহ্ন রয়েছে।
পুলিশ কর্মকর্তা ইলতুৎমিশ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আশপাশের সিসি ক্যামেরা দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। নিহতের লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051