ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী ইংরেজি শিক্ষক এসএম মোর্তজা আলম লিটনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোর্তজা আলম লিটন সদর থানার মাগুরা কর্মকারপাড়ার মৃত মুনসুর আলী সানার ছেলে এবং তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী ইংরেজি শিক্ষক।
ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবারের মামলার বরাতে পুলিশ জানায়, গত দুই মাস ধরে বিকালে ইংরেজি শিক্ষক এসএম মোর্তজার বাসায় প্রাইভেট পড়তে যায় ওই ছাত্রী। প্রতিদিনের মতো গত সোমবার বিকাল ৫টায় শিক্ষকের বাসায় ১২-১৩ সহপাঠীর সঙ্গে প্রাইভেট পড়তে যায়। পড়ার শেষপর্যায়ে খাতা দেখার কথা বলে একঘণ্টা ওই ছাত্রীকে বসিয়ে রাখেন। ততক্ষণে সহপাঠীরা চলে যায়। এরপর ছাত্রীকে জড়িয়ে ধরেন ওই শিক্ষক। চিৎকার করলেও মুখ চেপে ধরে ভয়ভীতি দেখান। বিষয়টি বাসায় গিয়ে মাকে জানায় ছাত্রী। পরে সদর থানায় মামলা করে পরিবার।
সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ‘ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় গ্রেফতার শিক্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
এ ব্যাপারে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, ‘এ ঘটনা জানার পর ম্যানেজিং কমিটির সভা ডাকা হয়েছে। সভায় সবার সম্মতিক্রমে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051