মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার বিকালে মামলাটি দায়ের করা হলেও বৃহস্পতিবার দুপুরে মামলার বাদী পক্ষের আইনজীবী ফায়জুর রহমান হিরু বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলাটি গ্রহণ করে আগামী ৫ জানুয়ারি শুনানির দিন ধার্য করেছেন আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন। মাদারীপুর আদালতের এপিপি অ্যাডভোকেট আবুল হাসান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ে বাধা দেওয়ায় মারধরের অভিযোগে গত ২৯ ডিসেম্বর গোলাম রাব্বানীর বিরুদ্ধে মাদারীপুর আদালতে অভিযোগ দায়ের করেন রাজৈর উপজেলার মধ্য শাখারপাড় গ্রামের আব্দুল গনি মাতুব্বর নামে এক ব্যক্তি। বুধবার বিকাল ৪টার দিকে অভিযোগটি গ্রহণ করেন মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন।
আদালতে দায়ের করা এজাহার থেকে জানা যায়, ২৬ ডিসেম্বর গোলাম রাব্বানী তার সংঘবদ্ধ দলবল নিয়ে তার আপন মামা ইউপি চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিনের (গিটার মার্কা) পক্ষে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের ৭নং কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই করতে যান। এ সময় স্থানীয় জনসাধারণ ও আইনশৃঙ্খলা বাহিনী বাধা প্রদান করলে তাদের মারপিট করে। এ সময় স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ফলে বাদীর আর্থিক ও শারীরিক ক্ষতি হয়েছে। এতে গোলাম রাব্বানীকে প্রধান আসামি করে আরও ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
এ ব্যাপারে বাদীপক্ষের আইনজীবী ফায়জুর রহমান হিরু জানান, বাদীর অভিযোগটি গ্রহণ করেছেন বিজ্ঞ আদালত। আগামী ৫ জানুয়ারি গোলাম রাব্বানীসহ তার দলবল কীভাবে হামলা, মারপিট করেছে তার ভিডিওসহ আনুষঙ্গিক প্রমাণ হাজিরের নির্দেশ দিয়েছেন।
আদালতে অভিযোগের বিয়ষ গোলাম রাব্বানী গণমাধ্যমে মন্তব্য করতে রাজি হননি। তবে তার পিতা এমএ রশীদ আজাদ বলেন, মামলার কপি হাতে পাইনি। হাতে পেলে মন্তব্য করব।
উল্লেখ্য, ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে গোলাম রব্বানীর মামা সালাহউদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। রাব্বানী গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে প্রতিপক্ষ মোশারফ মোল্লার লোকজন ছুরি দিয়ে কোপ দেয়। এতে রাব্বানীর ডান হাতের আঙুল কেটে যায়। এ ঘটনায় রাজৈর থানায় হত্যাচেষ্টা মামলা হয়েছে। এতে মোশারফ মোল্লার ছেলেসহ দুইজন গ্রেফতার হয়ে জেলহাজতে রয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051