নড়াইলের লোহাগড়ায় ছাত্রদল নেতা মোঃ রাহাদুল আমিন রবিনকে (২৫) হাতুড়ি পেটার অভিযোগ উঠেছে লোহাগড়া উপজেলা শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
শুক্রবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। আহত রবিন উপজেলার মহিষাপাড়া গ্রামের মৃত বদিয়ার রহমানের ছেলে এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে ছাত্রদল নেতা মোঃ রাহাদুল আমিন রবিন মোটরসাইকেলযোগে তার নিজ বাড়ি লোহাগড়া উপজেলার মহিষাপাড়া থেকে লোহাগড়া বাজারে আসছিলেন। পথিমধ্যে মহিষাপাড়া মোড়ে পৌঁছালে লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ কামাল পারভেজ (শোয়েব) সহ তার গুন্ডা বাহিনীর সদস্য ওসমান,অনিক,শহিদুল,আবিদ,আলফাজ, জিসান ছাড়াও অজ্ঞাত ১০-১৫ জন অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এতে তার মাথা ফেটে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে হামলার শিকার রাহাতুল আমিন রবিন বলেন, আমাদের মল্লিকপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে নড়াইল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবাইয়াৎ তুরশেদ শাথীল ভাইয়ের নেতৃত্বে ছাত্রদলের নতুন কর্মীদের ফুল ও কলম দিয়ে বরণ অনুষ্ঠান করার পর থেকে আমাকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে হুমকি দিচ্ছিল। তারই সূত্র ধরে ছাত্রলীগের শেখ কামাল পারভেজ (শোয়েব) সহ তার গুন্ডা বাহিনীর সদস্য ছাত্রলীগের কর্মী ওসমান,অনিক,শহিদুল,আবিদ,আলফাজ, জিসান এর নেতৃত্বে ১০-১৫ জন মিলে আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051