
হাসানুজ্জামান হাসান
স্বরবৃত্ত ছন্দে-৪+৪/৪+৪
তারিখ-০৩/০৯/২০২১
পাশ যে করে কলেজ থেকে
বাধ্য হয়ে করে চুরি,
এমন যুবক সমাজ মাঝে
ঘুরছে ভুরি ভুরি।
কাজের আশায় অফিস ঘরে
ফাইল হাতে গিয়ে,
ঘুষের টাকার অভাব বলে
ফেরে অশ্রু নিয়ে।
যোগ্যতা যে বিচার হবে
টাকার ওজন বুঝে,
চোরের রাজা আছে বসে
চোখের পাতা বুজে।
পেটের দায়ে বেকার যুবক
আঁধার জগৎ খোঁজে,
রাঘব বোয়াল খাটায় তাদের
যৎ সামান্য রোজে।
অসৎ পথে খাটতে গিয়ে
যেদিন ধরা পড়ে
চোরের মতো বিচার শুরু
চমকে সমাজ নড়ে।
অবাক চোখে তাকায় সমাজ
দেখে চোরের সাজা,
কাঁচের ঘরে আরাম করে
বড়ো চোরের রাজা।
ভিন্নবার্তা/এমএসআই