লাখো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন ময়মনসিংহের কিংবদন্তি রাজনীতিক সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। মঙ্গলবার বাদ আছর নগরীর আকুয়া মোড়ল বাড়ি জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা শেষে বিকেল সাড়ে ৫টায় আকুয়া মোড়ল বাড়ির পারিবারিক গোরস্থানে ছোট ছেলে প্রয়াত ড. মুশফিকুর রহমান শুভর কবরের পাশে তাকে দাফন করা হয়। তাকে শেষবারের মতো এক নজর দেখার জন্য মঙ্গলবারও নেতাকর্মীসহ সাধারণ মানুষ মোড়ল বাড়িতে ভিড় করে।
জানা গেছে, অধ্যক্ষ মতিউর রহমানের তিন কন্যার মধ্যে দুই কন্যা অস্ট্রেলিয়া থাকায় মরদেহ হিমাগারে রাখা হয়। মঙ্গলবার বিকেল ৩টায় দুই কন্যাসহ স্বজনরা অস্ট্রেলিয়া থেকে ময়মনসিংহে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ সময় বাবার মরদেহের পাশে বারবার মূর্চ্ছা যান তারা।
পরে বিকেল সাড়ে ৩টায় মরদেহ নিয়ে যাওয়া হয় নগরীর চরপাড়া নয়াপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান একাডেমি প্রাঙ্গণে। সেখানে শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবকসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। এরপর বিকেল ৪টায় মরদেহ নেওয়া হয় নিজ জন্মস্থান নগরীর আকুয়া মোড়ল বাড়ি এলাকায়। সেখানেও শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য সাজ্জাতুল হাসান, বাকৃবির উপাচার্য প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র ইকরামুল হক টিটু, জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা গোলাম ফেরদৌস জিল্লুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ জানাজায় শরিক হয়।
অধ্যক্ষ মতিউর রহমান গত রোববার (২৭ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে নগরীর ধোপাখোলা এলাকার একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ২৮ আগস্ট দিনভর মরদেহ নগরীর আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ ও শিববাড়ির দলীয় কার্যালয়ে রাখা হলে হাজারো নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবী ও সব শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা জানান। সোমবার (২৮ আগস্ট) বাদ আসর নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051