সাভারের আশুলিয়ায় দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে একটি তৈরী পোশাক কারখানায় ওয়েস্টেজ মালের (ঝুট) ব্যবসা দখল, চাঁদা দাবি এবং ঝুট ছিনতাইয়ের চেষ্টা করেছে সন্ত্রাসীরা। এসময় প্রতিপক্ষের লোকজন বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এলাকার ফেব্রিকা নীট কম্পোজিট লিমিটেড কারখানার সামনে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- আশুলিয়ার বাসাইদ এলাকার নাজিমুদ্দিন, জসিম, আওলাদ ও রনি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আশুলিয়ার বাসাইদ এলাকার ফেব্রিকা নীট কম্পোজিট লিমিটেড কারখানায় দীর্ঘদিন ধরে মালিক পক্ষের সাথে চুক্তি করে ঝুটের ব্যবসা করে আসছে সালমা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোসা. সালমা আক্তার এবং তিথী এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মনিরুজ্জামান টিপু।
বেশকিছুদিন ধরে স্থানীয় বিএনপি নেতা আসাদ ও সন্ত্রাসী বাহিনীর সদস্যরা ফেব্রিকা নীট কম্পোজিট লিমিটেড কারখানার ঝুট ব্যবসা দখলের হুমকি দিয়ে সালমা আক্তার ও মনিরুজ্জামান টিপুর কাছে চাঁদা দাবি করে আসছিলো। কিন্তু তাদের দাবিকৃত চাঁদা না দেয়ায় রোববার বিকেলে সন্ত্রাসীরা কারখানার সামনে অবস্থান নেয়।
এসময় সালমা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোসা. সালমা আক্তার এবং তিথী এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মনিরুজ্জামান টিপু কারখানা থেকে ওয়েস্টেজ মাল (ঝুট) বের করতে গেলে আসাদ ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা আবারও চাঁদা দাবি করে তাদের বাঁধা প্রদান করে।
একপর্যায়ে ইউপি নির্বাচনে হেরে যাওয়া স্বতন্ত্র প্রার্থী রাজু আহমেদও সেখানে অস্ত্র-সস্ত্র ও লোকজন নিয়ে আসাদ ও তার বাহিনীর পক্ষে অবস্থান নেয়। পরে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌছে চার সন্ত্রাসীকে আটক করে এবং বাকীরা পালিয়ে গেলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।
সালমা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী সালমা আক্তার বলেন, আমরা বৈধভাবে চুক্তি করে কারখানার সাথে ব্যবসা করছি। বিএনপি নেতা আসাদ ও সন্ত্রাসী রাজু আমাদের কাছে চাঁদা দাবি করে এবং না দেয়ায় আমাদের মাল বের করতে বাঁধা প্রদান করে। এঘটনায় আমরা আইনের সহায়তা চাইলে পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে।
জানতে চাইলে ফেব্রিকা নীট কম্পোজিট লিমিটেড কারখানার সিনিয়র ম্যানেজার (এইচ আর এন্ড কমপ্লায়েন্স) নাসিরুল গনি সৈকত বলেন, সালমা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোসা. সালমা আক্তার এবং তিথী এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মনিরুজ্জামান টিপু আমাদের সাথে চুক্তি অনুযায়ী দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে। তাদের চুক্তির আরও দুই বছর মেয়াদ রয়েছে। এছাড়া হামলা ও চাঁদা দাবির বিষয়টি কারখানার বাহিরে ঘটেছে বিধায় এ নিয়ে আমাদের কিছু করণীয় নেই।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, কারখানার ওয়েস্টেজ মালামাল (ঝুট) নেয়ার সময় বাঁধা প্রদান এবং চাঁদা দাবিসহ হামলার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া ঘটনার সাথে জড়িত বাকীদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051