
চাঁদপুরের কচুয়ায় পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া এসিল্যান্ডকে (সহকারী কমিশনার, ভূমি) মারধরের মামলায় কচুয়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
প্রায় দশ বছর আগের ওই ঘটনায় দায়েরকৃত মামলায় চাঁদপুরের বিচারিক আদালত কাউন্সিলরসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
রোববার জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেনের আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কচুয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন (৩৬), স্থানীয় বাসিন্দা আওলাদ সরকার (৪২), ইমরান হোসেন (৪০), সোহাগ হোসেন (৩৫) ও মো. বিল্লাল (৪২)। এদের প্রথমজনকে চারবছর এবং অন্য চারজনকে ২ বছর ৬ মাস সশ্রম কারাদণ্ড দেয়া হয়। আদালতে রায় ঘোষণার সময় আসামিরা অনুপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২২ ফেব্রুয়ারি তৎকালীন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আসামিদের হাতে মারধরের শিকার হন। এ ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে কচুয়া থানা পুলিশ আদালতে ৮ জনকে অভিযুক্ত করে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে। এ মামলায় বিচারক ৩ জনকে খালাস প্রদান করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, এই মামলার বাদী মোস্তাফিজুর রহমান বর্তমানে গাজীপুর সিটি কর্পোরেশনে কর্মরত আছেন।
আদালতের এপিপি দিরান ইয়ারিন মেহেবুবা জানান, সাজাপ্রাপ্তদের গ্রেফতার করা হলে তারপর থেকে এ রায় কার্যকর হবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ