চট্টগ্রামে পানির স্রোতে চশমা খালে তলিয়ে যাওয়া ১০ বছরের শিশু মো. কামাল উদ্দিনের লাশ তিন দিন পর ভেসে উঠল মির্জা খালে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ঘটনাস্থল থেকে অন্তত এক কিলোমিটার দূরে মুরাদপুর মোহাম্মদপুর এলাকার মির্জা খালে ওই শিশুর লাশ ভেসে ওঠে।
স্থানীয় লোকজন শিশুটির ভাসমান লাশ দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে লাশ উদ্ধার করে।
এদিকে ঘটনার পর থেকে ছেলের অপেক্ষায় খালের পাড়েই দিনরাত আহাজারি করছিলেন পিতা মো. কাউসার। সন্তানকে জীবিত পাবেন এমন আশা আগেই ছেড়ে দিয়েছিলেন। লাশ খুঁজে পাওয়ার পর তা শনাক্ত করে কাউসার কান্নায় ভেঙে পড়েন। খালে পড়ে যাতে আর কোনো বাবার সন্তান এভাবে মারা না যায়- সেজন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা উচিত সংশ্লিষ্টদের।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ফরিদ উদ্দিন বলেন, নিখোঁজ শিশুটির লাশ বৃহস্পতিবার দুপুরে মির্জা খালে ভেসে উঠলে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে। সোমবার বিকালে শিশুটি নগরীর ষোলশহর এলাকায় চশমা খালে পড়ে গিয়ে নিখোঁজ হয়। মঙ্গলবার খবর পেয়ে আমরা উদ্ধার তৎপরতা শুরু করি। কিন্তু খালে ময়লা-আবর্জনা বেশি থাকায় উদ্ধার কাজ কিছুটা ধীরে করতে হয়। ফায়ার সার্ভিসের তিন ইউনিটের ২০ জন সদস্য এ উদ্ধার অভিযানে অংশ নেয়।
পাঁচলাইশ থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া শিশুর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে শিশুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সোমবার বিকালে রাকিব নামে এক বন্ধুকে সঙ্গে নিয়ে নগরীর ষোলশহর ভূমি অফিসের সামনে চশমা খালে কামাল খেলনাসদৃশ কিছু দেখতে পেয়ে নেমে তা কুড়াতে যায়। তারা বোতলসহ অন্যান্য প্লাস্টিক পণ্য কুড়িয়ে বিক্রি করত। চশমা খালে বোতল কুড়াতে নেমে হলুদ রঙের একটি খেলনাসদৃশ কিছু দেখতে পায়। দুইজনেই সেটি নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পানির স্রোতে কামাল ভেসে যায়। রাকিব দেয়াল টপকে উপরে উঠে যেতে সক্ষম হয়।
তবে রাকিব বলেছে, সে পানিতে পড়ে গিয়েছিল। তাকে উদ্ধার করতে যায় কামাল। এতেই কামাল তলিয়ে যায়।
নিহত মো. কামাল উদ্দিন কোতোয়ালি থানাধীন আন্দরকিল্লা মাছুয়াঝরণা এলাকার দিনমজুর মো. কাউসারের ছেলে। বাবা-ছেলে ষোলশহর রেলস্টেশন এলাকায় থাকত। দুই ভাই, দুই বোনের মধ্যে কামাল সবার ছোট। তার অন্য সন্তানরা মায়ের সঙ্গে ঢাকায় থাকে বলে জানিয়েছেন কাউসার।
এদিকে নিখোঁজের তিন দিন পর হলেও শিশু কামালের লাশ উদ্ধার হলেও গত সাড়ে তিন মাসেও উদ্ধার হয়নি মুরাদপুরে নালায় পড়ে নিখোঁজ ছালেহ আহমেদ (৪০)। এখনো তার লাশের অপেক্ষায় আছে স্বজনরা। গত সাড়ে পাঁচ মাসে এ নিয়ে নগরীর খাল ও নালায় পড়ে প্রাণ গেছে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ ৫ জন।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051