ভয়ংকর ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে পুরোপুরি বিলীন হয়ে গেছে চরফ্যাশনের অসহায় দিনমজুর মোঃ দুলালের (শুকুর আলী) ঘর। মাথা গোঁজার একমাত্র এ আশ্রয় হারিয়ে এখন খোলা আকাশের নিচে পরিবার নিয়ে বসবাস করছেন তিনি। অনেক কষ্টে ঘরটি সংস্কারের উদ্যোগ নিলেও তাতে বাধা হয়ে দাঁড়িয়েছেন স্থানীয় চরফ্যাশন থানার এসআই (সাব ইন্সপেক্টর) মোঃ সাইফুল ইসলাম খান ওরফে দারোগা সাইফুল-১ (বিপি নং- ৭৬৯৫০৮৯৮৭২)। নানা অজুহাতে তিনি ওই অসহায় দিনমজুরকে ঘরের কাজ করতে দিচ্ছেন না। এতে চরম বিপাকে পড়েছেন তিনি। এ অবস্থায় কোন উপায় না পেয়ে বিষয়টি সমাধানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন ভূমিহীন ওই দিনমজুর।
শুধু এই ঘটনা নয়, নিরপরাধ মানুষকে মাদক মামলায় ফাঁসানোর ভয়ভীতি, মাদক সিন্ডিকেট গড়ে তোলাসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে ওই এসআইয়ের বিরুদ্ধে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, এসআই সাইফুল গত তিন বছর ধরে একই থানায় কর্মরত আছেন। এসময়ে তিনি মাদক সিন্ডিকেটসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত হয়ে পড়েছেন। বিভিন্ন সময়ে তিনি এলাকার মানুষের সঙ্গে চরম দুর্ব্যবহার করে থাকেন। তার কর্মকাণ্ডে এলাকাবাসীও ক্ষুব্ধ।

আজ মঙ্গলবার (৪ জুন) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর জমা দেয়া আবেদনে দিনমজুর দুলাল (পিতা: নুর নবী) জানান, আমি ভোলা জেলার চরফ্যাসন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সরকার বাড়ীর দিন মজুর গরিব ভূমিহীন বাসিন্দা। আমি এখানকার বাড়ীওয়ালা মোশতাক আহমেদ ও সিদ্দিক আহমেদ, সর্ব পিতা- মৃত খন্দকার হাফেজ আহমেদ-এর জমিতে কেয়ারটেকার (ওরকাইত) হিসেবে বসবাস করছি। সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের আঘাতে আমার জরাজীর্ন ঘরটি ভেঙ্গে যায়। এটি সংস্কার করতে গেলে গত ১ জুন সকাল-১১টার দিকে চরফ্যাশন থানার এসআই (সাব ইন্সপেক্টর) মোঃ সাইফুল ইসলাম খান ওরফে দারোগা সাইফুল-১ (বিপি নং- ৭৬৯৫০৮৯৮৭২) আমার বাড়ীতে এসে আমার ঘর উত্তোলনে বাধা দেন এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে আমাকে মারতে উদ্যত হন। পরে আমাকে একটি নোটিশ ধরিয়ে দিয়ে বলেন যে- মালিকের জমির দলিলের কাগজপত্র সহ থানায় গিয়ে দেখা করতে। নোটিশ পড়ে জানতে পারি, আমার বিরুদ্ধে আমার বাড়ীর মালিকের ভাই খন্দকার জাফর আহমেদ একটি অভিযোগ করেছেন। অভিযোগটি ছিল সম্পূর্ণ মিথ্যা। কারণ জাফর আহমেদ অভিযোগ করেছেন যে- আমি তার জমিতে ঘর উত্তোলন করছি। অথচ আমি কখনই তার জমিতে ঘর উত্তোলন করিনি। আমি আগে থেকেই তার ভাই মোশতাক আহমেদ ও সিদ্দিক আহমেদের জমিতে ঘর উত্তোলন করে বসবাস করে আসছি। জমি নিয়ে ভাই-ভাইয়ে দ্বন্দের কারণে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে জাফর আহমেদ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। এলাকার অন্যান্য লোকজনকে সামনে রেখে আমি দারোগা সাইফুল-১ কে সমস্ত কথা বুঝিয়ে বলি। কিন্তু তিনি আমার কোন কথাই শোনেননি। উপরোন্তু জাফর আহমেদের কথা মতো আমাকে ব্যাপকভাবে গালিগালাজ ও হুমকি-ধমকি দিয়ে ঘর তুলতে বাধা দেন। দারোগার কথামতো ওই দিনই সন্ধ্যায় আমি বাড়ীর মালিকের জমির দলিল ও কাগজপত্র সহ চরফ্যাশন থানায় গিয়ে হাজির হই এবং দারোগা সাইফুলের কাছে কাগজপত্র বুঝিয়ে দেই। তিনি কাগজপত্র দেখে আবারো বলেন যে- ঈদের পরে তিনি কাগজপত্র দেখবেন, পাশাপাশি ঘর সংস্কারে নিষেধ করেন। এবং এ সময়ে দারোগা সাইফুল-১ আমার কাছে ১০ হাজার টাকা খরচ দাবি করেন। এ অবস্থায় দারোগা সাইফুল-১ এর হুমকিতে ভীত সন্ত্রস্ত্র হয়ে নিরাপত্তাহীনতায় আছি এবং ঘূর্ণিঝড়ে ঘর হারিয়ে খোলা আকাশের নিচে চারটি ছোট ছোট সন্তান ও অসুস্থ স্ত্রীকে নিয়ে মানবেতর জীবন যাপন করছি। আমি খুবই দরিদ্র পরিবারের সন্তান। আমি অন্যের বাড়ীতে কাজ করে সংসার চালাই। আমার মতো দরিদ্র পরিবারের পক্ষে দারোগা সাইফুল-১ কে খরচের টাকা দেওয়া কোনভাবেই সম্ভব না। তাই ঘর উত্তোলন করতে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দান ও দারোগা সাইফুল-১ এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানান ওই ভুক্তভোগী।
এর আগে গত বছরের ১৭ অক্টোবর আমিনাবাদ ইউনিয়ন পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসআই সাইফুলসহ চরফ্যাশন থানার দুই এসআইয়ের বিরুদ্ধে তিন যুবককে এনকাউন্টারের ভয়ভীতি দেখিয়ে স্বীকারোক্তি আদায় করে ৭ কেজি গাঁজা দিয়ে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ করা হয়। ৪২ দিন কারাভোগের পর জামিনে এসে সংবাদ সম্মেলনন করে এ অভিযোগ করেছিলেন তিন যুবক।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051