ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের কয়েক দফা সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩০ জনকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঈদের দিন মঙ্গলবার (৩ মে) সন্ধ্যায় উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের মুন্সিরহাট বাজারে বর্তমান ইউপি চেয়ারম্যান আলমগীর হাওলাদার ও সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঈদের দিন সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন তার নিজ কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও অনুসারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছিলেন। এ সময় বর্তমান ইউপি চেয়ারম্যান আলমগীর হাওলাদারের নেতৃত্ব তার সমর্থকরা সাবেক চেয়ারম্যান সমর্থকদের সঙ্গে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায় তা সংঘর্ষে রূপ নেয়। হামলা-পাল্টা হামলায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। আক্রান্ত হয়ে লিখন চেয়ারম্যানের সমর্থকরা প্রতিরোধ গড়ে তুললে মুন্সিরহাট বাজার থেকে সটকে পড়েন বর্তমান চেয়ারম্যান ও তার সমর্থকরা। পরে পুলিশে খবর দিলে পুলিশ প্রহরায় বাজারে মহড়া দেয় বর্তমান ইউপি চেয়ারম্যান আলমগীর হাওলাদার ও তার সমর্থকরা। পুলিশের উপস্থিতিতে তারা মুন্সিরহাট বাজারে সাবেক চেয়ারম্যান লিখনের সমর্থকদের বেশ কয়েকটি দোকান ও মোটর সাইকেল ভাঙচুর করে। ঘটনার পর আজ ৪ এপ্রিল বুধবারও মুন্সিরহাট বাজারে মহড়া দেয় বর্তমান চেয়ারম্যান ও তার বাহিনী। এতে ওই এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে।
সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন জানান, তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে মুন্সির হাট বাজারে তার অফিসে ঈদ শুভেচ্ছা বিনিময় করছিলেন। এ সময় বর্তমান চেয়ারম্যান আলমগীর হাওলাদারে উপস্থিতে তার লোকজন অফিস লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে তাদের উপর হামলা চালায়।
এদিকে বর্তমান চেয়ারম্যান আলমগীর হাওলাদারের পক্ষ থেকে জানানো হয়, দলীয় নেতাকর্মীদের নিয়ে ঈদ শুভেচ্ছ বিনিময়কালে লিখন চেয়ারম্যান গ্রুপের লোকজন অতর্কিত হামলা চালায়। এতে তাদের ২০-২৫ জন আহত হয়েছে।
দুলারহাট থানার ওসি মোরাদ হোসেন জানান, ঘণ্টাব্যাপী চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051