চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশন ফরওয়ার্ড বেস উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ উদ্বোধনী অনুষ্ঠানে আর্মি এভিয়েশন গ্রুপে ২টি বেল ৪০৭ জিএক্সআই হেলিকপ্টার যোগ হয়।
আজ সোমবার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এ অনুষ্ঠানে সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সেনাপ্রধান তার বক্তব্যে বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক উদ্যোগের কারণেই শাহ আমানত বিমানবন্দর, চট্টগ্রামে আর্মি এভিয়েশন ফরওয়ার্ড বেস নির্মাণ এবং অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ২টি বেল ৪০৭ জিএক্সআই হেলিকপ্টার আর্মি এভিয়েশন গ্রুপে বহরে অন্তর্ভুক্তি সম্ভব হয়েছে।'
আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামে ফরোয়ার্ড বেস স্থাপনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে বিমান সহযোগিতা আগের চেয়ে সহজ হবে এবং এতে ব্যয় অনেক কমে আসবে।
আর্মি এভিয়েশন গ্রুপ বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য সেনাবাহিনীর অভিযানে প্রত্যক্ষভাবে বিমান সহায়তা দেওয়া। দেশের প্রত্যন্ত অঞ্চলে নিয়োজিত সেনাসদস্যদের সহায়তা দিতে সরকারের অনুমোদন সাপেক্ষে লালমনিরহাট ও চট্টগ্রামে পৃথক দুটি এভিয়েশন বেস স্থাপনের কার্যক্রম শুরু করা হয়।
এর আগে, গত বছর ৩ মার্চ লালমনিরহাট সেনানিবাসে আর্মি এভিয়েশন স্কুলের হ্যাঙ্গার কমপ্লেক্স উদ্বোধন করা হয়।
এছাড়া, আর্মি এভিয়েশন গ্রুপের বহরে অত্যাধুনিক বিমান ও হেলিকপ্টার সংযুক্তির ধারাবাহিকতায় আজ যুক্ত হয় ২টি অত্যাধুনিক বেল ৪০৭ জিএক্সআই হেলিকপ্টার। যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক প্রযুক্তির এই ২টি হেলিকপ্টার নবীন বৈমানিকদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও, বিমান থেকে অনুসন্ধান ও পর্যবেক্ষণ এবং স্কাউট হেলিকপ্টার হিসেবেও এই হেলিকপ্টারগুলো ব্যবহার করা যাবে।
পাশাপাশি এই হেলিকপ্টারগুলোর মাধ্যমে চিকিৎসা সহায়তা, মিশন পরিচালনা ও সীমিত আকারে জরুরি রসদ সরবরাহ করা সম্ভব হবে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051