২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি পুলিশের সাবেক ডিআইজি খান সাইদ হাসান এবং সাবেক পুলিশ সুপার ওবায়দুর রহমান খানকে দেওয়া অর্থদণ্ডের টাকা জমার আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল।
আজ বৃহস্পতিবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আসামিদের দেড় লাখ টাকা করে জরিমানার অর্থ জমা দেওয়ার আবেদন মঞ্জুর করেন।
ওই ট্রাইবুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভুইয়া জানান, ২০১৮ সালের ১০ অক্টোবর মামলাটির রায় হয়। সেসময় এই দুই আসামি পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় রায়ে তিনটি ধারার প্রত্যেকটিতে দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাদের প্রত্যেক ধারায় ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে প্রত্যেক ধারায় আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
তিনি বলেন, ২০১৯ সালের ২৮ জানুয়ারি তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর তারা আপিল করেছিলেন। তাদের সাজা খাটা শেষ হওয়ায় আপিল বিভাগ তাদের অর্থদণ্ডের টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই অনুযায়ী তারা অর্থদণ্ডের টাকা জমা দেওয়ার অনুমতি নিলেন।
এ মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে মামলা দুটিতে বিএনপি-জামায়াত সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাকি ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051