সরকার কর্তৃক টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছর নির্ধারণ করায় এবং গ্রামে করোনা সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় টিকার প্রতি আগ্রহ বেড়েছে। মানুষের মধ্যে টিকার নিবন্ধনে দেখা গেছে ব্যাপক উৎসাহ। যুবসমাজের অংশগ্রহণের হার বৃদ্ধি পেয়েছে।
এমন চিত্র দেখা গেলো কিশোরগঞ্জ পুলিশ হাসপাতালে। রোববার (১ আগস্ট) হাসপাতালের স্বাস্থ্যকর উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলছে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম।
কিশোরগঞ্জ পুলিশ সুপার মো: মাশরুকুর রহমান খালেদ বি.পি.এম. (বার)-এর সার্বিক তত্বাবধানে জেলা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের অধীনে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিদর্শকগণ এ কার্যক্রম সফলে অংশ নিয়েছেন। আর তাদের সহযোগিতা করছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভলান্টিয়ারগণ।
বাংলাদেশ পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেডক্রিসেন্ট সোসাইটির সম্মিলিত প্রচেষ্টায় কিশোরগঞ্জ পুলিশ হাসপাতালে এ টিকাদান কার্যক্রম শুরু হয় ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ। তবে গ্রামের মানুষের টিকা নিবন্ধনে অনীহার কারণে গত ১৫ জুন থেকে ২৪ জুলাই এ কেন্দ্রে টিকাদান কার্যক্রম বন্ধ থাকে।
পুলিশ হাসপাতাল কেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ.জি.এম. রায়হান বার্তা২৪.কম-কে জানান, শহরতলিতে অবস্থিত এ কেন্দ্রের আশপাশের গ্রামগুলো দীর্ঘ সময় ধরে করোনামুক্ত ছিলো। সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় তাদের মধ্য টিকা নিবন্ধনের আগ্রহ বেড়েছে। এখন তারা লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন।
কেন্দ্রের শান্তি শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সাব-ইনস্পেক্টর মো. আতিকুল ইসলাম জানান, উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশের কারণে পুলিশ হাসপাতালকে কিশোরগঞ্জের মানুষ টিকা নিবন্ধন তালিকায় কেন্দ্র হিসেবে প্রথম পছন্দের তালিকায় রেখেছেন। রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা নিবন্ধন কার্যক্রমে গ্রামের মানুষকে সাহায্য করায় এবং সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা গ্রহণকারীর ডাটা এন্ট্রি করে আপলোড দেওয়ায় টিকাদান কার্যক্রম সেবার মান আগের চেয়ে সহজ হয়েছে। বেড়েছে টিকাদান ও নিবন্ধন।
টিকাদান এক্সপার্ট পরিবার কল্যাণ পরিদর্শিকা সেলিনা ফেরদৌসি বলেন, এবার তারা চায়নার সিনোফার্ম ভেরোসেল টিকা দিচ্ছেন। এ টিকার পার্শ্ব-প্রতিক্রিয়া নেই বললেই চলে। তবুও সিভিল সার্জনের নির্দেশমতো টিকা গ্রহণকারীকে ৩০ মিনিট নিরাপদ জায়গায় বসিয়ে রেখে স্বাস্থ্য পরীক্ষা করে তবেই যেতে দেওয়া হচ্ছে। বাড়তি নিরাপত্তার জন্য পুরুষ ও মহিলাদের জন্য দুটি করে মোট চারটি অক্সিজেন সুবিধাসহ কেবিন সংরক্ষণ করা হয়েছে। এছাড়াও অতি জরুরি সেবা ও রোগীকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ কোভিড-১৯ স্পেশালাইজড হাসপাতাল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে পাঠানোর প্রয়োজনে দুটি অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
টিকাগ্রহীতা ২৫ বছর বয়সী ইঞ্জিনিয়ার শাহ্ আব্দুল্লাহ মোহাইমেন বলেন, তিনি এপ্রিল মাসে ঢাকায় করোনা আক্রান্ত হয়েছিলেন। টিকা গ্রহণের সময় তার কিছুটা ভয় কাজ করছিলো। তবে টিকা গ্রহণের পর স্বস্তি লাগছে। কোন পার্শ্ব-প্রতিক্রিয়া নেই। খেলার মাঠের মতো উন্মুক্ত সুন্দর প্রাকৃতিক পরিবেশে টিকা নিতে পেরে তিনি খুশি।
প্রসঙ্গত, বর্তমানে কিশোরগঞ্জ পুলিশ হাসপাতাল ছাড়াও কিশোরগঞ্জ সদর ২৫০ বেড হাসপাতাল ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি চালু রয়েছে, যেখানে শৃঙ্খলার সঙ্গে প্রচুর নারী ও পুরুষ করেনার টিকা গ্রহণ করছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051