
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্বামীর বাড়ি থেকে আজ বুধবার সকালে হাবিবা আক্তার স্মৃতি (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানাধীন কামালের বাত্তী তদন্তকেন্দ্রের পুলিশ। আজ বুধবার ভোররাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের উত্তর ধাতুয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার স্বামী আক্তার হোসেনকে আটক করেছে পুলিশ। ওই গৃহবধূ বকশীগঞ্জ সদর ইউনিয়নের মালিরচর জিগাতলা গ্রামের মো. হাফিজলের মেয়ে।
পুলিশ ও ওই গৃহবধূর পরিবারসূত্রে জানা গেছে, উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের উত্তর ধাতুয়াকান্দা গ্রামের মোনাহার হোসেনের ছেলে আক্তার হোসেন (৩২) পারিবারিক কলহের জের ধরে মাঝে মধ্যেই তার স্ত্রী হাবিবাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। তাদের সংসারে দুই সন্তানও রয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতেও আক্তার হোসেন তার স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বেরিয়ে যান। আজ বুধবার ভোররাতে ওই বাড়ির লোকজনরা হাবিবাকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখেন। ঘটনা জানতে পেরে আজ বুধবার সকালে স্থানীয় কামালের বাত্তী তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে জামালপুর সদর হাসপতালের মর্গে পাঠিয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় তার স্বামী আক্তার হোসেনকে আটক করেছে পুলিশ।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত গৃহবধূ হাবিবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার স্বামী আক্তার হোসেনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ