গিনেস ওয়ার্ল্ড বুকে দ্বিতীয়বারের মতো নাম লেখালেন ভৈরবের মনিরুল ইসলাম। তিনি এক হাতের উপর ১৩টি টেনিস বল রেখে এই রেকর্ড গড়েন।
গত মঙ্গলবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকের পক্ষ থেকে এই স্বীকৃতির বিষয়টি ই-মেইলের মাধ্যমে তাকে জানানো হয়। এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে ৩০ সেকেন্ডে সর্বোচ্চ ৫০টি পেন্সিল এক হাতের উপর রেখে গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড গড়েছিলেন মনিরুল।
মনিরুল ইসলাম কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর গ্রামের কাতার প্রবাসী জহিরুল ইসলামের ছেলে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তিনি।
মনিরুল জানান, প্রথম রেকর্ড গড়ার পড় থেকেই নতুন বিষয়ে রেকর্ড গড়তে তিনি অনুশীলন শুরু করেন। তারপর এক হাতের উপর ১২টি টেনিস বল রাখার রেকর্ডটি ভঙ্গ করে নতুন করে ১৩টি টেনিস বল রেখে গিনেস ওয়ার্ল্ড বুকে তার নাম লেখান।
এর আগে ইতালির নাগরিক সিলভিও সাব্বা ও রওক্কো এক হাতের উপর ১২টি টেনিস বল রেখে গিনেস বুকে রেকর্ড গড়েছিলেন। তাদের এই রেকর্ড ভেঙে নতুন করে ১৩টি বল হাতের উপর রেখে গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড গড়েন মনিরুল ইসলাম।
মনিরুল ইসলাম আরও জানান, এক হাতে ৩০ সেকেন্ডে ৫০টি পেন্সিল রাখার কীর্তি অর্জন করে প্রথমবার গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড অর্জন করার পর পরিবার, আত্মীয়-স্বজনসহ শুভানুধ্যায়ীদের কাছ থেকে অনেক ভালোবাসা এবং অনুপ্রেরণা পাই। সেই অনুপ্রেরণাই আবারও নতুন বিষয়ে রেকর্ড করার আগ্রহ জোগায়।
‘গত সেপ্টেম্বর মাস থেকেই নতুন এ বিষয়ে অনুশীলন করা শুরু করি এবং সকল নিয়মকানুন অনুসরণ করে এক হাতে ১৩টি টেনিস বল রাখার কীর্তি অর্জন করি। নিয়ম অনুযায়ী রেকর্ডটির ধারণকৃত ভিডিও গিনেস ওয়ার্ল্ড বুকে পাঠাই। তারপরই গিনেস বুক কর্তৃপক্ষ ভিডিওটি যাচাই বাছাই করে মেইলের মাধ্যমে আমাকে রেকর্ড গড়ার স্বীকৃতি দেয়।’
খুব তাড়াতাড়ি রেকর্ডটির সনদপত্র প্রাপ্তির আবেদন করবেন বলেও তিনি জানান।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051