সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে অস্ট্রেলিয়াকে বেশিরভাগ ক্রিকেটবোদ্ধারাই শিরোপাজয়ী হিসেবে দেখতে রাজি ছিলেন না। এমনকী সুপার টুয়েলভ চলাকালীন সময়েও ফেবারিটের তালিকায় ছিল পাকিস্তান, ইংল্যান্ড আর নিউজিল্যান্ড। অথচ, সেই নিউজিল্যান্ডকে হারিয়েই নিজেদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিল ওয়ানডেতে পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আর এই সাফল্যের পেছনে নাকি গান শোনা আর গলফ খেলার বিরাট অবদান আছে!
করোনাকালে সকল দেশের ক্রিকেটারদেরকেই সিরিজ বা টুর্নামেন্ট খেলতে জৈব সুরক্ষা বলয়ে থাকতে হয়। কখনো এটা দুই মাস দীর্ঘও হয়েছে। পরিবার-পরিজন ছাড়া জৈব সুরক্ষাবলয়ে দিনের পর দিন কাটানো এক ধরনের শাস্তি। এজন্য মানসিক অবসাদে আক্রান্ত হয়েছে বেন স্টোকসের মতো সুপারস্টারও ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। কিন্তু অবাক করা তথ্য হলো, অজি ক্রিকেটাররা নাকি জৈব সুরক্ষাবলয় রীতিমতো উপভোগ করেছেন! এটাই নাকি তাদের সাফল্যের নেপথ্যের ঘটনা।
এক সাক্ষাতকারে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, 'এটা বলব না যে, আমাদের উত্থান-পতন ছিল না। অবশ্যই ছিল। ব্যাপারটি অনেকটাই সাগরের ঢেউয়ের মাঝে নৌকা চালানোর মতো। কখনোই আরামদায়ক নয়। জৈব সুরক্ষাবলয় সব সময়ই কঠিন। তবে আমরা সেটিকে উপভোগ্য করে নিয়েছিলাম। বলয়ের মধ্যেই আমরা একসঙ্গে গলফ খেলেছি। আমরা সবাই মানসিক দিক দিয়ে হালকা মেজাজে থাকার চেষ্টা করেছি।'
মূলতঃ অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা বাস্তবতা নিয়ে দুশ্চিন্তার বদলে উপভোগের মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন। নিঃসন্দেহে এর পেছনে ছিলে কোচ জাস্টিন ল্যাঙ্গারের মস্তিষ্ক। অথচ, বিশ্বকাপের আগে এই ল্যাঙ্গারের চাকরি যেতে বসেছিল! সুরক্ষা বলয়ে মানসিক সুস্থতার জন্য নিজেদের কর্মকাণ্ড নিয়ে ফিঞ্চ আরও বলেন, 'আমরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গ উপভোগ করেছি। হোটেলে সব সময়ই গান বাজত। হোটেলকক্ষে, এমনকি করিডোরেও বাজত। কেউ কখনো কক্ষের দরজা বন্ধ করতাম না। এটাই আমাদের নীতি ছিল।'
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051