গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় একটি পাইকারি কাপড়ের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে রোববার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে আগুন নেভায়।
এর আগে রাত পৌনে ১০টার দিকে আগুন লাগে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: আব্দুল্লাহ আল আরেফীন জানান, রাত পৌনে ১০টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকার আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের চারটি ও টঙ্গী থেকে আরও দু‘টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।
তিনি আরও জানান, মার্কেটের রাস্তা খুব সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি যেতে এবং আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। আগুনে বিপুল কাপড়, আসবাবপত্র ও অন্যান্য মালপত্র পুড়ে গেছে।
বাজারের ব্যবসায়ী আব্দুস সোবাহান জানান, আগুনে মার্কেটের দোকানগুলোতে থাকা শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, ওড়না, কম্বলসহ বিভিন্ন মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া পাশের হোসেন মার্কেট নামে অপর একটি মার্কেটেও আগুন ছড়িয়ে পড়ে। মার্কেট দু‘টিতে পাইকারি কাপড়ের পাশাপাশি কিছু মুদি মালামালও পুড়ে গেছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051