গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা এলাকায় এবিএম ফ্যাশন লিমিটেড নামে পোশাক কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকদের দেওয়া আগুনে এক শ্রমিক নিহত হয়েছেন। আগুনে পুড়ে যাওয়ায় ওই মরদেহ নারীর না পুরুষের তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেন পুলিশ।সোমবার (৩০ অক্টোবর) রাতে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহিম খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (৩০ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে কোনাবাড়ীর এবিএম ফ্যাশন লিমিটেডের কারখানায় আগুন দেন বিক্ষুদ্ধ শ্রমিকরা। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আসার পর কারখানার ভেতর থেকে দগ্ধ হয়ে মারা যাওয়া এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩২ বছর। তবে তিনি নারী না পুরুষ তা নিশ্চিত হওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে নিহত শ্রমিকের নাম-পরিচয় জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকরা বিকেল সোয়া ৫টার দিকে কোনাবাড়ীর এবিএম ফ্যাশন লিমিটেডের কারখানায় আগুন দেন। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। রাত ৯টার দিকে কারখানার আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
প্রসঙ্গত, বেতন বৃদ্ধির দাবিতে সোমবার সকাল থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস ও আশপাশের এলাকার কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করেন। শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। দুপুরে পুলিশের গুলিতে আহত রাসেল হাওলাদার নামে এক শ্রমিক মারা যান। পরে আন্দোলন কোনাবাড়ীর আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। আন্দোলন চলাকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের বেশ কয়েকবার সংঘর্ষ হয়। পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের গুলিতে এক শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে তারা আশপাশে ভাঙচুর করেন। তারা গাজীপুর ডিবিএল ফায়ার সার্ভিসের একটি গাড়িও ভাঙচুর করেন। একপর্যায়ে কোনাবাড়ী এবিএম কারখানায় আগুন লাগিয়ে দেন। শ্রমিকদের দেওয়া আগুনে কারখানার ভেতরে অজ্ঞাত পরিচয় এক শ্রমিক মারা যান।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051