গাজীপুরে বায়ু দূষণবিরোধী অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় মহাসড়কে নির্মাণসামগ্রী রেখে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং বায়ু দূষণের দায়ে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা, আরেকটি স্টিল কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
আজ বৃহস্পতিবার দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী।
তিনি বলেন, সরকারি বা বেসরকারি উন্নয়ন কাজের সময় পরিবেশ সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নয়ন মিয়া জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উন্মুক্ত স্থানে যত্রতত্র নির্মাণসামগ্রী রেখে বায়ু দূষণ ও পানি না ছিটানোর কারণে বিআরটি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান সিজিজিসির ৭০ হাজার ও জেপিইজির ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সাইনবোর্ড এলাকায় বায়ু দূষণের দায়ে এলিট আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ, উপ-পরিচালক (মনিটরিং) মো. আব্দুস সালাম সরকার, উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) আহমেদ কবীর ও উপ-পরিচালক নয়ন মিয়া।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051