গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও তাঁর দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন কালিয়াকৈর উপজেলা হেফাজতে ইসলামের আমির ও ওলামা পরিষদের সভাপতি মুফতি মাওলানা মো. এমদাদুল্লাহ ওরফে এমদাদুল হক (৫০) ও তাঁর অপর দুই ভাই কালিয়াকৈরের চন্দ্রা দারুল উলুম মাহমুদ নগর মাদরাসার আরবি বিভাগের সহকারী শিক্ষক মো. আশরাফুল ইসলাম (৪০) ও অপর ভাই মোহাম্মদ আলী (৪৮)। তারা জেলার কালিয়াকৈর উপজেলার ডাইনকিনি এলাকার বাসিন্দা। এছাড়া গ্রেপ্তারকৃত মাওলানা এমদাদুল্লাহ চন্দ্রা দারুল উলুম মাহমুদ নগর মাদরাসার অধ্যক্ষ।
আজ সোমবার দুপুরে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এস আই) মোর্শেদ আলী মোল্লা জানায়, হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে কিছু দুষ্কতকারী কালিয়াকৈরের চন্দ্রা-কালামপুরগামী সড়কের চন্দ্রা সিএনজি স্টেশন এলাকায় ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা পুলিশের একটি দল গতকাল রোববার রাত সোয়া ১২টার দিকে কালামপুর এলাকায় পৌঁছালে ৩৫ থেকে ৪০ জন দুষ্কতকারী অতর্কিতে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। এ সময় পুলিশও কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। দুষ্কৃতকারীরা পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পালিয়ে যাওয়া অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আহত তিন পুলিশ সদস্যকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এস আই মোর্শেদ আলী মোল্লা আরও জানান, এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে বিস্ফোরকদ্রব্য আইন ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করেছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051