নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরের ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক এক গরম ঝড়ো হাওয়ায় এলাকার কৃষকের প্রায় ৩০০ একর জমির বোরোধান সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে গেছে।
গতকাল রবিবার সন্ধ্যায় আকস্মিকভাবে বয়ে যাওয়া ওই গরম ঝড়ো হাওয়ায় উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের বিরামপুরের হাওর, পানুরের হাওর, পালেহার হাওর ও সমাজ-সহিলদেও ইউনিয়নের মিয়াশির হাওর, ঢালাহাতা হাওর, হরসিয়ার হাওর, জয়পুরের হাওরসহ বিভিন্ন হাওরে থাকা কৃষকের কাঁচা বোরোধানের ব্যাপক ক্ষতি হয়।
উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের ঝিকওয়ালা গ্রামের কৃষক খসরু মিয়া বলেন, রবিবার সন্ধ্যা সাতটার দিকে আকস্মিকভাবে এক গরম ঝড়ো বাতাস বয়ে যায়। ওই গরম ঝড়ো বাতাসে বাড়ির পাশের ঢালাহাতা হাওরে আমার ৫ একর জমির কাঁচা বোরোধান পুড়ে সাদা হয়ে গেছে।
তিনি আরো বলেন, এবার চলতি বোরো মৌসুমে ৪০ হাজার টাকা ঋন করে আমি ওই ৫ একর জমিতে বোরো আবাদ করেছিলাম। কিন্তু গরম হাওয়ায় আমার খেতের সব ধানই পুড়ে সাদা হয়ে গেছে। এখন কি করব কিছুই বুঝে উঠতে পারছি না।
উপজেলার বড়কাশিয়া গ্রামের কৃষক এরশাদ উদ্দিন বাচ্চু বলেন, এ সময় আমাদের হাওর এলাকার কৃষকদেরকে আগাম বন্যা ও শিলা বৃষ্টির ভয়েই দিন কাটাতে হয়। কিন্তু এভাবে আকস্মিক গরম হাওয়ায় মূহুর্তের মধ্যে জমির কাঁচা বোরোধান এভাবে পুড়ে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাওয়াটা আমি এই প্রথম দেখলাম। ওই গরম হাওয়ায় আমার বাড়ির পাশের ৪ একর জমির কাঁচা বোরোধান সম্পূর্ণ পুড়ে সাদা হয়ে গেছে।
একই ধরনের মন্তব্য করেন, ক্ষতিগ্রস্ত কৃষক সোহাগ মিয়া, কৃষক আবুচান মিয়া, কৃষক আব্দুল আজিজ, কৃষক হুমায়ুন মিয়া, কৃষক কালাচান মিয়া, কৃষক নূর আহম্মদ, কৃষক সিরাজ মিয়াসহ অনেকেই।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো, জাহিদুল ইসলাম এ বিষয়ে সোমবার বিকেলে বলেন, রবিবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন হাওরের উপর দিয়ে বিচ্ছিন্নভাবে বয়ে যাওয়া গরম ঝড়ো বাতাসে প্রায় ১৫০ হেক্টর জমির বোরোধান বিনষ্ট হয়েছে। তবে যেসব জমির ধানে সবেমাত্র ফুল ধরেছে ওইসব জমির ধানেরই বেশী ক্ষতি হয়েছে। আর এটিও এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ বলেই তিনি মন্তব্য করেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051