ক্ষমতাসীনদের সব বাধা ডিঙ্গিয়ে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে লাখ লাখ মানুষের ঢল নেমেছে। গণসমাবেশের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ আনুষ্ঠানিকভাবে আজ ৫ নভেম্বর দুপুর ২টায় শুরু হবে। তবে সকাল থেকে সভা মঞ্চ থেকে মাইকে বক্তব্য দিচ্ছেন স্থানীয় নেতারা। দু’দিন আগ থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন সাধারণ মানুষ। গতরাতেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মাঠ। সকালে যারা আসছেন তারা মাঠের আশপাশের রাস্তায় অবস্থান নিচ্ছেন। আগত সব মানুষের মধ্যে দেখা যাচ্ছে উচ্ছ্বাস। পরিবহনহীন বরিশাল এখন মিছিলের নগরীতে রূপ নিয়েছে। বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সাধারণ মানুষও মিছিল আর স্লোগান জানান দিচ্ছি তারা এই সরকার আর চাননা।
বিভাগীয় গণসমাবেশের মূল মঞ্চ ৫০ ফুট দৈর্ঘ্যের এবং ৩৫ ফুট প্রস্থে প্রস্তুত করা হয়েছে। মঞ্চের সামনে গণমাধ্যমকর্মীদের জন্য আলাদা টং নির্মাণ করা হয়েছে। স্থানীয় নেতাদের নিয়ে শুক্রবার সন্ধ্যায় মঞ্চ পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নিরবচ্ছিন্ন সভা চালানোর জন্য আলাদা জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। যুক্ত করা হয়েছে ইন্টারনেট সংযোগও। এছাড়া নারী ও পুরুষ নেতাকর্মীদের জন্য পৃথক স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেল থেকে সমাবেশস্থলে অবস্থান করা নেতা-কর্মীদের স্ব স্ব উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ খাবার ও শীতবস্ত্রের ব্যবস্থা করছেন।
গণসমাবেশের এক সপ্তাহ আগে বরিশালে বাস চলাচল বন্ধ করা হয়। এরপরে ইজিবাইক, স্পিড বোট, লঞ্চ, মাইক্রোবাস এমনকি খেয়া বন্ধ করে দেওয়ার আশঙ্কা থেকেই বিভাগের বিভিন্ন এলাকা থেকে ট্রলার ভাড়া করে যাত্রীরা সমাবেশস্থলে এসেছেন। তবে বরিশাল শহর লাগোয়া কোনো নদীতে সেই ট্রলার নোঙর করা হয়নি। সেগুলো বরিশালের নিকটস্থ উপজেলায় নোঙর করে তারপরে রিকশা বা হেঁটে সমাবেশে এসেছেন অনেকেই।
সমাবেশে অবস্থানকারী আবদুল্লাহ আল নোমান জানিয়েছেন, বস্তায় করে চাল,ডাল, আলু, তেল নিয়ে এসেছেন তারা। সরকার যা শুরু করেছে তাতে খাবার হোটেলও বন্ধ করে দিতে পারে। এ আশঙ্কা থেকেই তারা খাবার নিয়ে এসেছেন।
বরিশাল নগরীর দুই শতাধিক আবাসিক হোটেলে একটি কক্ষও খালি নেই ছিল না। হোটেল ম্যানেজারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২ নভেম্বরের মধ্যেই সকল রুম ভাড়া হয়ে যায়।
এক যুগেরও বেশি সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতাকর্মীরা বরিশাল বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে যেন পিকনিকের আমেজ পাচ্ছেন তারা। সমাবেশ উদ্যানে খাওয়া-দাওয়া, গান, মিছিল করে সময় কাটাচ্ছেন।
অন্যান্য বিভাগীয় গণসমাবেশর মতো বরিশালের সমাবেশেও বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য চেয়ার খালি রাখা হবে বলে জানিয়েছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ। তিনি জানান, সভার সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক।
গণসাবেশকে ঘিরে বরিশাল শহরের সঙ্গে অন্যান্য জেলা উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সর্বশেষ শুক্রবার বরিশাল থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। এর আগে বন্ধ করা হয়েছে বাস, ইজিবাইক, স্পিড বোট, মাইক্রোবাস। ফলে রাজনৈতিক নেতাকর্মীর বাইরে সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।
বৃহস্পতিবার সন্ধ্যার পূর্বে আকাশ পথে বরিশালেপৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহামুদ চৌধুরী। বরিশাল বিমানবন্দরে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভ্যর্থনা জানান বরিশাল জেলা, মহানগর এবং বিভাগীয় নেতৃবৃন্দ। পরে তাদের মোটরসাইকেলের বহরে বরিশাল নগরীতে নিয়ে আসা হয়।
এছাড়া সমাবেশ সফল করার লক্ষ্যে আগে থেকেই বরিশালে অবস্থান করছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, হাবিব উন নবী খান সোহেলসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051