গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকার প্রচারণা চালাতে পারবে এবং এ ক্ষেত্রে কোনো আইনগত প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আইন বিশেষজ্ঞদের মতে সরকারের এমন প্রচারণা পুরোপুরি বৈধ।
রোববার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
প্রেস সচিব জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বৈঠকে আসন্ন নির্বাচন ও গণভোট বিষয়ে আলোচনা হয়েছে। ওই বৈঠকে ইইউ জানিয়েছে, তারা এবার বাংলাদেশে বড় পরিসরে একটি নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাতে চায়। অতীতে পর্যবেক্ষক না পাঠানোর কারণ হিসেবে ইইউ আগের তিনটি নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে তাদের উদ্বেগের কথা উল্লেখ করেছে।
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ইইউ রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেছেন যে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব সংস্থা নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। নির্বাচন ও গণভোট যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘বর্তমানে নির্বাচনী মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রয়েছে। সরকার কোনো রাজনৈতিক দলকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে না।’
নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চ্যালেঞ্জ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ছড়ানো বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। পতিত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা করেন তিনি। তবে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানান।
তিনি বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশনের মতে, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কিছু বিচ্ছিন্ন অপরাধের ঘটনা ঘটলেও প্রতিটি ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে।’
ব্রিফিংয়ে সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, নরসিংদীতে মনি চক্রবর্তী হত্যাকাণ্ডটি পারিবারিক কলহের জেরে ঘটলেও এটিকে সাম্প্রদায়িক হামলা হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা চলছে। তিনি বলেন, ‘যাচাই-বাছাই ছাড়াই এ ধরনের ঘটনায় বিবৃতি দেওয়া থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051