
নেত্রকোনা সদর উপজেলায় শ্বশুড়বাড়ির পুকুরপাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় মোঃ দেলোয়ার হোসেন (৪৫) নামে সরকারি কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে চল্লিশা ইউনিয়নের বামনমোহা গ্রামের শ্বশুড়বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দেলোয়ার হোসেন সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের কাওয়ালিকোনা গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি ঢাকা গণপূর্ত অধিদপ্তরে পিএ পদে চাকুরী করতেন। এর প্রায় দুই মাস পূর্বে তিনি নেত্রকোনা গণপূর্ত অফিসে কর্মরত ছিলেন।
নিহতের স্ত্রী কবিতা আক্তার বলেন, বৃহস্পতিবার রাতে বাড়ীতে কখন এসে এই ঘটনা ঘটিয়েছে তা আমি জানিনা। সকালে লোকজন মারফত খবর পেয়ে বাড়ীর পাশে পুকুরপারে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম (পিপিএম) জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। তদন্তের পর আসল ঘটনা জানা যাবে।
ভিন্নবার্তা/এমএসআই