যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাধারণ যাত্রীর মতো লোকাল বাসে চলাচল করছেন—এ রকম কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও তার গণপরিবহন ব্যবহারের এই দৃশ্য নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।
সাধারণের মাঝে তারেক রহমানের চলাচলের অভ্যাস গড়ে ওঠার বিষয়ে প্রশংসা করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ। তারেক রহমান সাধারণের মাঝেও মিশতে পারেন বলে মন্তব্য করেন তিনি।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রশংসা করেন।
মোস্তফা ফিরোজ বলেন, ‘আজকে তিনটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যাকে নিয়ে এই ভাইরাল ঘটনা তিনি সাধারণ কেউ নন। তিনি অবশ্যই বাংলাদেশের একজন পরিচিত মানুষ।
তার নাম হচ্ছেন তারেক রহমান। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনটি ছবি হচ্ছে লন্ডনে। সেখানে দেখা যাচ্ছে যে একটা ছবি হচ্ছে বাসের জন্য অপেক্ষা; বাসে উঠছেন; আর গন্তব্যে পৌঁছে বাস থেকে নামছেন।
বোঝাই যাচ্ছে যে তার সঙ্গী কেউ ছিলেন। তিনি ছবি তিনটি তুলেছেন। আলোচনা হচ্ছে এই যে তারেক রহমানের যে স্ট্যাটাস তাতে কিন্তু বাসে ওঠার কথা নয়। কিন্তু তিনি বাসে উঠছেন, যাচ্ছেন।’
তিনি বলেন, ‘এতে একটা বিষয় প্রমাণিত হয় সাধারণের মাঝে চলাচলের একটা প্রবণতা তারেক রহমানের মধ্যে ডেভেলপ করেছে এবং এটা ভালো।
যখন আপনি শুধু প্রাইভেট গাড়িতে চড়বেন তখন আসলে মানুষের মতামত কী বা মানুষ কী ভাবছে—সেগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন না। যদিও এটা বিলেতের, তার পরও সেটা একটা অভ্যাসের ব্যাপার, চর্চার ব্যাপার। তার এই সাধারণ চলাচলের দৃশ্যটা নেটিজেনরা প্রশংসা করেছেন। কারণ হচ্ছে তিনি ওই নিরাপত্তা, ওই নিজস্ব গাড়ির বহর, অর্থাৎ আমাদের টপ লিডাররা যা করেন তার থেকে তিনি দূরে থাকলেন। এটা বোঝা যায় যে তিনি অতি সাধারণের মাঝেও মিশতে পারেন।’
জ্যেষ্ঠ এই সাংবাদিক বলেন, ‘এখানে যে রিপোর্টটি বিভিন্ন গণমাধ্যম করেছে তাতে বলা হচ্ছে স্থানীয় সময় শুক্রবার সকালে দেখা যায়, লন্ডন শহরের উত্তরে একটি বাসস্টপে অপেক্ষমাণ একজন মধ্যবয়সী (তারেক রহমান)। হাতে মোবাইল ফোন, পরনে হালকা নীল শার্ট, খাকি রঙের প্যান্ট আর পায়ে সাধারণ এক জোড়া স্নিকারস। তিনি বসে আছেন জনসাধারণের জন্য নির্ধারিত লাল বেঞ্চে। কিছুক্ষণ পরে এসে থামে একটা লাল ডাবল ডেকার বাস। মানুষজনের সঙ্গে সঙ্গে তিনিও উঠে পড়েন সেই বাসে। বিএনপির মিডিয়া সেল থেকে ঘটনাটির কিছু স্থির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে বসবাসকালীন সময় কোনো ভিআইপি সুবিধা গ্রহণ না করে সাধারণ মানুষের মতো লোকাল বাসে চলাচল করেন, যা তার বিনয় সাধারণ জীবনযাপন এবং জনগণের সঙ্গে আত্মিক সংযোগের প্রকৃত প্রতিফলন।’
তিনি বলেন, ‘বিলেতের জীবনে যারা অভ্যস্ত তারা জানেন যে সেখানে কিন্তু আসলে সাধারণ মানুষ, ধনী-দরিদ্র সবাই একইভাবে চলাচল করে, বাসে ওঠে, ট্রেনে ওঠে—এই ব্যাপারে তাদের মনে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই। এটাই যেন স্বাভাবিক চিত্র। সেখানকার যে নিরাপত্তা, সেখানকার যে পরিষ্কার-পরিচ্ছন্নতা—সব মিলিয়ে কেউ কোনো হেজিটেট করবে না যে এ রকম বাস উঠব, এ রকম নোংরা জায়গায় বেঞ্চে বসব—এটা মনে করার কোনো কারণ নেই। তার পরও যারা একেবারে খুবই ধনী বা বিশিষ্ট কেউ, তারা নিরাপত্তার কারণে হোক বা নিজের প্রটোকলের স্বার্থে হোক নিজস্ব গাড়ি নিয়ে চলাচল করেন। তারেক রহমান তেমনি একজন, তিনি সেটা করতে পারতেন—সেটা করেননি বলেই আজকে নেটিজেনদের চোখে পড়েছে এবং তার এই ছবিগুলো ভাইরাল হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমরা বিলাতের এই চিত্রটা যদি বাংলাদেশের সাথে মেলাতে যাই, যদি বলি উনি এখানে এসেও এভাবেই বেঞ্চে বসবেন, এভাবেই বাসে উঠবেন—আসলে কি আমরা তেমনটা কল্পনা করতে পারি বা আশা করতে পারি? আমি বলব, না, পারি না। আমাদের এখানে ফুটপাত, আমাদের এখানে যাত্রীদের বাসে ওঠার সে পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তা—সব কিছু মিলিয়ে এটা কোনোভাবেই তারেক রহমানের তো দূরের কথা, তার চেয়েও নিচের প্রটোকলের অনেকেই এটা এফোর্ড করতে পারেন না বা সম্ভব নয়।’
মোস্তফা ফিরোজ বলেন, ‘আপনি চাইলেই এখানে ফুটপাতে হাঁটবেন বা বাসে উঠবেন, বাসস্টপেজের পাশে যাত্রীছাউনি কোথাও আছে, কোথাও নেই, যে অস্বাস্থ্যকর পরিবেশ—এটা আসলে সম্ভব নয়। আপনি প্রত্যাশা করতে পারেন, কিন্তু বাস্তবে সেটা সম্ভব নয়। তারেক রহমানের নিরাপত্তা—বিশেষ করে বাংলাদেশের যে অবস্থা, বিলেতে যেটা দেখছেন, এখানে বাস্তবায়ন করাটা অসম্ভব।’
তিনি বলেন, ‘নিশ্চয়ই একদিন হবে সেই কাজটা। সেই শিক্ষাটা নিয়ে যদি আমরা কখনো সে রকম পরিবেশ গড়ে তুলতে পারি, তাহলে হয়তো সম্ভব হবে। আমাদের যারা রাষ্ট্র চালাবেন, দল চালাবেন—মানে ভিআইপি প্রটোকল তারাও তখন মিশে যেতে পারবেন জনসাধারণের মধ্যে, এতে কোনো সন্দেহ নেই।’
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051