খুলনা নগরের খালিশপুর মুজগুন্নী এলাকা থেকে এম এ সালেক নামের এক বিএনপি নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মুজগুন্নী মেলার মাঠ এলাকার বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিএনপি নেতা এম এ সালেক (৪৪) মুজগুন্নী এলাকার শফি উদ্দীনের ছেলে। এ বিষয়ে খালিশপুর থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। তাঁর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম।
ওসি সাব্বিরুল আলম জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে গতকাল রাত সাড়ে আটটার দিকে মুজগুন্নী মেলার মাঠ এলাকার বাসিন্দা সালেকের ঘরের ফ্যানের সঙ্গে গামছা প্যাঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, পারিবারিক কলহের জের ধরে তিনি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।
খুলনা নগরের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী বাবু বলেন, সালেক বর্তমানে দলের কোনো পদে নেই। তিনি খালিশপুর থানা বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক ও খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি ছিলেন। তিনি আরও বলেন, ‘সালেক পারিবারিক ঝামেলায় ছিলেন। তাঁর মানসিক দৃঢ়তাও ছিল। ময়নাতদন্তের পর এটা হত্যা, না আত্মহত্যা, তা অনেকটা পরিষ্কার হবে।’
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051