খুলনায় তেলবাহী ট্রেনের তিনটি ট্যাঙ্ক ওয়াগন লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (০২ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে নগরীর খালিশপুর বিআইডিসি রোড সংলগ্ন আলমনগর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওয়াগনের চাকাসহ বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রেল লাইনটি শুধুমাত্র তেলবাহী ট্রেন চলাচলের জন্য হওয়ায় যাত্রীবাহী ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি।
খুলনা রেলওয়ে এরিয়া অপারেটিং ম্যানেজার মো. মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৫টার দিকে হঠাৎ বিকট শব্দ হয়। শব্দ শুনে রেললাইনের কাছে যেতেই দেখা যায় ট্রেনের তিনটি বগি পড়ে রয়েছে। পরে পুলিশ ও রেলওয়ের কর্মকর্তা ও নিরাপত্তকর্মীরা আসেন। তবে কোনো হতাহত হয়নি। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এখানকার বসবাসকারীরা।
রেলওয়ের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কিম্যান আনিসুল ইসলাম বলেন, খুলনা জংশন থেকে তেল লোড করার জন্য পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপোর দিকে একটি তেলবাহী একটি ট্রেন যাচ্ছিল। পথিমধ্যে কদমতলা এলাকায় এলে লাইনে সমস্যা দেখা দেয়। কিছুদূর যেতেই আলমনগর এলাকায় তিনটি ট্যাঙ্ক ওয়াগন লাইনচ্যুত হয়। এতে বিটিও ৪০০১২, ৪০০৪৬ ও ৪০০৮৪ এই তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়। ফলে চাকা ভেঙে যায় ও বিভিন্ন যন্ত্রাংশের ক্ষতি হয়।
রেলওয়ের মেকানিক্যাল ডিপার্টমেন্টের উপ-সহকারী প্রকৌশলী (ট্রেন এক্সামিনার) শামীম আহমেদ বলেন, আলমনগর এলাকায় ট্যাঙ্ক ওয়াগন তিনটি লাইনচ্যুত হওয়ায় ব্যাপক ক্ষত হয়েছে। এতে ট্রেনের চাকা, ব্রেকিং আইটেম, গাড়ির সোলভাসহ আন্ডার গিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াগন উদ্ধারে রিলিফ ট্রেন আসছে। রিলিফ ট্রেন এসে ওয়াগানগুলো উদ্ধার করবে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051