সৌদি আরবের একটি উচ্চ আদালত সে দেশের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের যে রায় ঘোষণা করেছে তাকে বিচারের নামে প্রহসন বলে অভিহিত করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি অ্যাগনেস ক্যালামার্ড।
সোমবার আদালতের রায় ঘোষিত হওয়ার পর ক্যালামার্ড বলেন, যে প্রক্রিয়ায় এ বিচার অনুষ্ঠিত হয়েছে তা ন্যায়বিচার ও স্বচ্ছতার পরিপন্থী। খবর এপির।
২০১৮ সালের অক্টোবরে খাশোগি নিহত হওয়ার পর এ ব্যাপারে তদন্ত প্রতিবেদন তৈরি করার দায়িত্ব পেয়েছিলেন ক্যালামার্ড।
তিনি আরও বলেন, দণ্ডপ্রাপ্তদের পরিচয় প্রকাশ করা হয়নি এবং কী কারণে খাশোগির পরিবার তার হত্যাকারীদের ক্ষমা করে দিল তা স্পষ্ট নয়।
জামাল খাশোগির তুর্কি বাগদত্তা খাদিজা চেঙ্গিসও সৌদি আদালতের রায়কে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন। খাদিজাকে বিয়ে করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ঢুকে আর প্রাণ নিয়ে ফিরতে পারেননি খাশোগি।
সৌদি আরবের একটি উচ্চ আদালত সোমবার সে দেশের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করার দায়ে পাঁচ ব্যক্তির মৃত্যুদণ্ড লঘু করে যাবজ্জীবন কারাদাণ্ড দিয়েছেন।
গত বছর ওই পাঁচ ব্যক্তিকে একটি নিম্ন আদালত মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল। কিন্তু খাশোগির পরিবার হত্যাকারীদের ‘ক্ষমা’ করে দেয়ার পর আদালত তাদের দণ্ড কমিয়ে দেয়।
প্রায় দুই বছর আগে তুরস্কের ইস্তানবুল নগরীতে অবস্থিত সৌদি কনস্যুলেটে জামাল খাশোগি নির্মমভাবে নিহত হন। সে সময় বিভিন্ন দলিল-প্রমাণ উপস্থাপন করে তুর্কি গোয়েন্দা সংস্থাগুলো দাবি করে, সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের প্রত্যক্ষ নির্দেশে এ হত্যকাণ্ড ঘটেছে।
এ ছাড়া জাতিসংঘের বিশেষ প্রতিনিধি অ্যাগনেস ক্যালামার্ড তার এ সংক্রান্ত প্রতিবেদনে খাশোগিকে হত্যার ঘটনাকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেন।
তিনি এ ঘটনায় যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের জড়িত থাকার অভিযোগ সম্পর্কে অধিকতর তদন্তেরও দাবি জানিয়েছিলেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051