
পয়োঃবর্জ্য খাল ও লেকে ফেলা যাবে না। এসব বন্ধ করার জন্য নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। তারপরেও কেউ খাল ও লেকে পয়োঃবর্জ্য ফেললে ব্যবস্থা নেয়া হবে। মন্ত্রী বলেন, শুধু মানুষের প্রতি ভালবাসা নয়, নিজের শহরকে ভালোবাসতে হবে।
রোববার রাজধানীর একটি হোটেলে ‘ভালবাসা দিবস একদিন, শহরকে ভালবাসি প্রতিদিন’ প্রতিপাদ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে পয়োনিষ্কাশন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। গতকাল রোববার গুলশানস্থ একটি হোটেলে বেলা এগারটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ‘ভালবাসা একদিন, শহরকে ভালবাসুন প্রতিদিন’ প্রতিপাদ্যে পয়োনিষ্কাশন ব্যবস্থাপনা বিষয়ে এক কর্মশালায় মন্ত্রী কথা বলেন।
রাজধানীর অধিকাংশ পয়োঃবর্জ্য খালে ও লেকে ফেলা হয় উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, এই পয়োঃবর্জ্যের লাইন কিভাবে বন্ধ করা যায় সে বিষয়ে পরিকল্পনা করার পাশাাপাশি একটা টাইমলাইন নির্ধারণ এবং একটি কমিটি গঠন করার উপর গুরুত্বারোপ করেন তিনি। ‘শুধু মানুষকে ভালবাসলে হবে না, আমরা যে শহরে বসবাস করি সে শহরকে ভালবাসার পাশাপাশি প্রকৃতি ও পরিবেশকে ভালবাসতে হবে। নিজের আবাসস্থল, চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে শহরের প্রতি ভালোবাসার মানসিকতা তৈরি করতে হবে।
এ প্রসঙ্গে মোঃ তাজুল ইসলাম বলেন, ‘আমরা পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরতে গিয়ে অনেক সুন্দর নগরী দেখি তখন স্বাভাবিকভাবে মনে হয় যদি আমাদের শহরটিও এমন হতো’ তিনি বলেন, ‘তাদের শহর সুন্দর শুধু সরকার বা সিটি কর্পোরেশন করেনি। সাধারণ মানুষের অংশগ্রহণ ছিলো বলেই সম্ভব হয়েছে। সবার স্বতস্ফূর্ত অংশগ্রহণ থাকলেই কেবল ঢাকা নগরীকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ করতে হলে শুধু শহর নয় সারাদেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করতে হবে। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাধারণ মানুষসহ সকল শ্রেণী-পেশার মানুষ সমন্বিত ভাবে কাজ করলে পরিবর্তন অবধারিত।
এতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম সভাপতিত্ব করেন। এসময় তিনি বলেন, ভবন ও প্রতিষ্ঠানগুলোতে কার্যকরী সেপটিক ট্যাংক তৈরি করা অত্যন্ত জরুরি। এটি সবাইকে করতে হবে। বাসা-বাড়ির পানি কোথায় যাবে, কিভাবে আধুনিক উপায়ে নিষ্কাশন হবে, সে বিষয়ে প্রকৌশলীদের সাথে কথা বলে তিনি জনগণকে নকশা তৈরি করার আনুরোধ জানান। মেয়র বলেন, এই শহরকে এভাবে রাখা যাবে না। একটি সুন্দর পয়োনিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। এছাড়া, কর্মশালায় রাজউক, ঢাকা ওয়াসা, গৃহায়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ, নগর পরিকল্পনাবিদ, স্থপতি এবং এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
ভিন্নবার্তা/এমএসআই