হেফাজতের নামে খালেদা জিয়া, তারেক রহমান আর মির্জা ফখরুলের নেতৃত্বে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে দেশের বিভিন্ন জায়গায় হত্যা, অগ্নিসংযোগ ও সহিংসতা হয়েছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তির দিনে হেফাজতের নামে জামায়াত-বিএনপি বাংলাদেশের জনগণের ওপর আক্রমণ করেছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, ঢাকা ও চট্টগ্রামে মানুষ পুড়িয়ে মেরেছে। সরকারি সম্পদ ভাঙচুর করেছে। সমগ্র পৃথিবীতে আমরা যে সম্মানের জায়গায় গেছি, সেই সম্মানের হানি করার চেষ্টা করা হয়েছে। এ গণহত্যার নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া, তারেক রহমান আর মির্জা ফখরুল ইসলাম।
শনিবার (১ মে) বিকেলে দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ পরিচালনা কমিটির উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত ও কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খালিদ মাহমুদ চৌধুরী।
নৌ প্রতিমন্ত্রী বলেন, একাত্তরে পাকিস্তানি হানাদাররা যেভাবে অগ্নিসংযোগ, লুটপাট করেছে, মা বোনদের ধর্ষণ করেছে, তারই পুনরাবৃত্তি তারা চালিয়েছে ২৬ মার্চ ২০২১ সালে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনার প্রথম ঢেউ আমরা সফলভাবে মোকাবিলা করেছি। দ্বিতীয় ঢেউয়ের শুরুতে ১৭ মার্চ থেকে ২৬ মার্চ ঐতিহাসিক ১০ দিন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশে এক ঐতিহাসিক আয়োজন ছিল। তাবত দুনিয়ার সরকার ও রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন। দেশে যখন এত বড় আয়োজন চলছে, মানুষ যখন করোনা থেকে মুক্তির জন্য হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন, সেই সময় মানবতার পাশে আওয়ামী লীগ ছাড়া কেউ ছিল না। তখন বিএনপি-জামায়াত হেফাজতের নামে হত্যা ও ধ্বংসলীলায় মেতে ওঠে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ হত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের রাজনীতি করে না। আওয়ামী লীগ রাজনীতি করে মানবতা নিয়ে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ত্রাণ পরিচালনা কমিটির আহ্বায়ক আলতাফুজ্জামান মিতা, বজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ও ত্রাণ পরিচালনা কমিটির সদস্য সচিব ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সাংগঠনিক সম্পাদক শাহ রফিকুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক কামরুল হুদা হেলাল, যুব ও ক্রীড়া সম্পাদক তৈয়বুদ্দিন চৌধুরী, বন ও পরিবেশ সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সেলিম আক্তার চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. করিম, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে তিন শতাধিক কর্মহীন ও অসহায়ের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051