করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজে নিজে হাঁটতে পারেন না বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। খালেদা জিয়া আগামী বৃহস্পতিবার নাগাদ বাসায় ফিরতে পারেন বলে জানান তিনি।
শনিবার সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
অধ্যাপক জাহিদ হোসেন বলেন, চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর নতুন কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন । সব মিলিয়ে নতুন কিছু বলার মতো অবস্থা নেই। তবে এখনো খালেদা জিয়া নিজে নিজে হাঁটতে পারেন না। হাঁটতে হলে তাঁর কারও না কারও সহযোগিতা লাগছে। ব্যক্তিগত দৈনন্দিন কাজেও তাঁর সাহায্যের প্রয়োজন হচ্ছে ।
তিনি বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল, অনেকটাই ভালো। যদিও ওনার পরীক্ষা-নিরীক্ষা চলছে। আজও ডাক্তাররা তাঁকে দেখেছেন। কালও কিছু পরীক্ষা হবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকার কারণে স্বাস্থ্য পরীক্ষার অগ্রগতি কিছুটা পিছিয়ে গেছে।
এ সপ্তাহের শেষ দিকে খালেদা জিয়া বাসায় ফিরতে পারেন বলে জানান তার এই ঘনিষ্ঠ চিকিৎসক ।
গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’ তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এফএম সিদ্দিকীরে নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। করোনা আক্রান্তের ১৪ দিন অতিক্রান্ত হওয়ার পরে খালেদা জিয়ার করোনা টেস্ট করা হয়েছিলো কিন্তু ফলাফল পজেটিভ আসে। এরপর ২৭ এপ্রিল রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন খালেদা জিয়ার জন্য গঠিত ১০ সদস্যের মেডিকেল বোর্ডের নেতৃত্বে রয়েছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার।
এদিকে বেগম জিয়ার বাসার ৮ কর্মচারী করোনামুক্ত হয়েছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, গত বৃহস্পতিবার দ্বিতীয় দফা তারা নমুনা পরীক্ষার জন্য দেন। শুক্রবার রিপোর্ট প্রকাশ হলে জানা যায় সকলেই নেগিটিভ। এখন তারা সবাই সুস্থ আছেন।
চিকিৎসকেরা বলছেন, করোনায় আক্রান্ত হওয়ার পর ইতিমধ্যে খালেদা জিয়ার দুই সপ্তাহ পার হয়েছে। বর্তমানে তার করোনার কোনো উপসর্গ নেই। তাই নন-কোভিড জোনে তার চিকিৎসা চলছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051