বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন দিতে সমস্যা কি, তা জানতে চেয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী।
রবিবার টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর মাজার জিয়ারত শেষে দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের পূর্বে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানতে চান।
ডা. জাফারুল্লাহ চৌধুরী বলেন, ওনার (খালেদা জিয়া) যে অবস্থা তাতে ওনার চিকিৎসা প্রয়োজন। তিনি অসুস্থ এবং ফুসফুসে পানি আসাটা খুব খারাপ লক্ষণ। যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে। তাছাড়া আমাদের প্রেসিডেন্ট সাহেব সর্দি-কাশি হলে চিকিৎসার জন্য বাইরে যান, আমাদের প্রধানমন্ত্রীও বাইরে গিয়ে চিকিৎসা নিয়েছেন। তাহলে তিনি (খালেদা জিয়া) যদি বাইরে গিয়ে চিকিৎসা নিতে চান সেই সুযোগ দেয়া উচিত।
তিনি বলেন. আমি মনে করি ওনাকে (খালেদা জিয়া) নিয়ে যে চালাচালি করছে সেটা ওনার জন্য, দেশের জন্য, পুরো জাতির জন্য একটি বিপজ্জনক সমস্যার সৃষ্টি হচ্ছে।
জাফারুল্লাহ চৌধুরী বলেন, আজকে তাকে (খালেদা জিয়া) জামিন দিতে এত অসুবিধা কিসের? আমি মনে করি এই নিয়ে তর্ক-বিতর্ক না করে মানবতার কারণে, দেশের জন্য, সবার জন্য আজকেই বেগম জিয়াকে যেখানে ইচ্ছা সেখানে গিয়ে চিকিৎসা নিতে দেয়া উচিত আর আমাদের সবার উচিত হবে খালেদা জিয়ার জন্য দোয়া করা।
মোদি বিরোধী আন্দোলনে গ্রেপ্তারকৃত ছাত্রদের সম্পর্কে জাফরুল্লাহ চৌধুরী বলেন, তারা (ছাত্ররা) মোদির বিরুদ্ধে কথা বলেছে। এ জন্য তাদেরকে আটক রাখবে? যারা খুন করেছে, লুট করেছে তারাতো দিব্যি বাইরে ঘুরে বেড়াচ্ছেন।
করোনা সংক্রমণ নিয়ে তিনি বলেন, দেশ একটি বিপর্যস্ত সময় অতিবাহিত করছে। যেভাবে গত কয়েক দিন দেখছেন তাতে রোগ আরও বাড়াবে। বড় লোকেরা প্লেনে যেতে পারবে, তাদের নিজেদের গাড়িতে যেতে পারবে, কিন্তু সাধারণ মানুষ বছরে একটা দিন ঈদ করতে পারবে না এটা হতে পারে না।
তিনি বলেন, পরিষ্কারভাবে বলা হচ্ছে যারা বাড়িতে যাবেন অনুগ্রহ পূর্বক একদিন আগে রোগটা পরীক্ষা করে নিন। তারা (সরকার) রোগে কম মৃত্যু দেখানোর জন্য কম পরীক্ষা করছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মাওলানা অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম মেম্বার নঈম জাহাঙ্গীর, এরফানুল বারী, পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ফরিদ উদ্দিন, টাঙ্গাইল জেলা ভাসানী অনুসারী পরিষদের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ খান শোভা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051