
নেত্রকোনা প্রতিনিধিঃ ঢাকা থেকে নিজ বাড়িতে ফেরার পথে নেত্রকোনার খালিয়াজুরীতে সড়ক দুর্ঘটনায় জাকি দাস (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু হয়েছে। নিহত জাকি দাস সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার বাজারকান্দি গ্রামের প্রয়াত নগেন্দ্র দাসের স্ত্রী।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে খালিয়াজুরী উপজেলার লক্ষীপুর গ্রামের নয়াপাড়া সংলগ্ন সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, জাকি দাস ঢাকা থেকে নেত্রকোনায় হয়ে সুনামগঞ্জের শাল্লায় নিজ বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে রসুলপুর ফেরিঘাট পার হয়ে ভাড়ায় মোটরসাইকেলে করে খালিয়াজুরী উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষীপুর গ্রামের সড়কের একটি মোড় অতিক্রম করার সময় মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় জাকি দাস মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে, খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন দুর্ঘটনার বিষয়ে তিনি জানান, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে এবং কোনো অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051