আদাবর থেকে নিখোঁজ হওয়া তিন বোনকে উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বলেন, উদ্ধার তিন বোনকে শনিবার (২০ নভেম্বর) আদালতে সোপর্দ করা হবে। আদালতে তারা নিজেদের বক্তব্য তুলে ধরবে। রবিবার ২ বোনের এসএসসি পরীক্ষা রয়েছে, তারা পরীক্ষায় অংশ নিতে চায়। আদালত এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। আমরা সেই অনুযায়ী কাজ করব। তাদের সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে।
শনিবার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর শ্যামলীতে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
ডিসি বিপ্লব কুমার সরকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অসুস্থ বাবার কাছে তারা গিয়েছিল। এখন তারা খালা নয়, বাবার কাছেই থাকতে চায়। কারণ হিসেবে বলেছে, দুই খালার কাছে তারা যেমন ব্যবহার আশা করেছিল, সেটি পায়নি। তাই অসুস্থ বাবার কাছে চলে গিয়েছিল।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, ২০১২ সালে বাবা-মায়ের বিচ্ছেদের পর তারা মায়ের সঙ্গে থাকতো। পরে মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তখন থেকে তারা দুই খালার কাছে রয়েছে। কিন্তু বাবার সঙ্গে যোগাযোগ করতে পারতো না। দুই খালার কাছে তিন বোন থাকলেও বিভিন্ন সময়ে খালাদের নেতিবাচক কর্মকাণ্ডে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সেই ক্ষোভের কারণে তারা বাবার কাছে চলে যায়।
বিপ্লব কুমার সরকার বলেন, দীর্ঘ ৮ থেকে ৯ বছর পর তিন বোন তাদের বাবার সঙ্গে দেখা করেছে। তাদের বাবা একজন স্কুলশিক্ষক। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ, বর্তমানে তিনি শয্যাশায়ী। তবে মাঝেমধ্যে দাদীর মোবাইল নম্বরে তিন বোনের কথা হতো। আর বাবার কাছে যশোরে আসার জন্য দাদী তাদের বিকাশের মাধ্যমে ২ হাজার টাকা পাঠায়। পরবর্তীতে ১৮ নভেম্বর সকালে আদাবরের বাসা থেকে বের হয়ে যশোরের উদ্দেশে রওনা দেয়। বাসা থেকে বের হয়ে তারা গাবতলীতে জননী পরিবহনের একটি বাসে করে যশোর চলে যায়। সেখান থেকে হামিদপুরে তাদের বাবার বাসায় পৌঁছায়।
এদিকে আদাবরে তাদের খালার দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার পর পরিবারের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যোগাযোগ করলে একটি ফোন নম্বর পায়। আর সেই ফোন নম্বরের ভিত্তিতেই দাদা বাড়িতে বাবার সঙ্গে দেখা করার জন্য তিন বোন যশোরে অবস্থান করছে বলে নিশ্চিত হন পুলিশ কর্মকর্তারা।
খালা অভিযোগ করেছের তিন বোন টিকটক আসক্ত ছিল- এমন কোনো তথ্য পেয়েছেন কিনা জানতে চাইলে ডিসি বিপ্লব কুমার সরকার বলেন, আমরা তাদের কাছে কোনো মোবাইল ফোন পাইনি। আর তার খালার গণমাধ্যমে বিভিন্ন অভিযোগের বিষয়ে সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি। তিন বোনের অনেকটাই ক্ষোভ রয়েছে খালাদের ওপর। খালাদের কাছে আশানুরূপ ব্যবহার পায়নি বলেও জানিয়েছে তিন বোন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051