রাজশাহীতে গত ১১ জুন থেকে ‘কঠোর লকডাউন’ চলছে। করোনার ঊর্ধ্বমুখী গতি নিয়ন্ত্রণে না আসায় এই কঠোর লকডাউন তৃতীয় দফায় গড়িয়েছে।
আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত রাজশাহীতে সর্বাত্মক এই লকডাউন চলবে।
এমন পরিস্থিতিতে শ্রমজীবী ও দিনমজুরসহ নিম্ন এবং মধ্য আয়ের মানুষ চরম কষ্টে দিনাতিপাত করছেন। খাদ্য সংকট ক্রমেই প্রকট হয়ে উঠেছে। তবে যারা খাদ্য সংকটে রয়েছেন তারা যদি চান, তাহলে রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ঘরে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এজন্য জাতীয় তথ্য সেবার ‘৩৩৩’ নম্বরে ফোন করার জন্য আহ্বান জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক।
বৃহস্পতিবার (২৪ জুন) মধ্যরাতে দ্বিতীয় দফার ‘কঠোর লকডাউন’ শেষ হচ্ছে। শুক্রবার (২৫ জুন) শুরু হচ্ছে তৃতীয় দফার ‘কঠোর লকডাউন’। তাই দুপুরে মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে লকডাউনের সার্বিক পরিস্থিতি সরজমিনে দেখতে যান রাজশাহী জেলা প্রশাসক মো. আব্দুল জলিল। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে- সংশ্লিষ্টদের প্রতি জেলা প্রশাসক এই আহ্বান জানান।
রাজশাহী জেলা প্রশাসক বলেন, আমাদের জাতীয় তথ্য সেবার ‘৩৩৩’ নম্বর আছে। সেখানে ফোন করলে আমরা খাদ্য সামগ্রী বা নগদ টাকা পৌঁছে দেব। বর্তমানে জেলা প্রশাসকের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। এর বাইরেও মহানগর আওয়ামী লীগ ও সিটি করপোরেশনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী দিয়ে সহযোগিতা করছে। পর্যাপ্ত খাদ্য সামগ্রী আমাদের মজুদ আছে। কঠোর লকডাউন চললেও কোনো মানুষ খাদ্যের অভাবে থাকবেন না বলেও জানান- রাজশাহী জেলা প্রশাসক।
এ সময় রাজশাহী জেলা প্রশাসক সকলকে বিনা প্রয়োজনে বাইরে না যাওয়ার অনুরোধও জানান। এছাড়া করোনা পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক স্বাস্থ্যবিধি মেনে চলারও অনুরোধ করেন।
এদিকে, রাজশাহীতে সর্বাত্মক লকডাউন কার্যকরে বৃহস্পতিবার মহানগরীর সকল গুরুত্বপূর্ণ মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নজরদারি রাখছেন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হতে পারছে না। হলেই তাকে বাধার মুখে পড়তে হচ্ছে। রাজশাহীতে ঈদুল ফিতরের পর থেকেই আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন মৃত্যু হয়েছে ১৬ জনের।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051