নওগাঁ-১ আসনের (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আওয়ামী লীগের প্রার্থী ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের একটি অস্থায়ী নির্বাচনি অফিসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের ঠকঠকি এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন সোমবার ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাজেন্দ্র নাথ বর্মন দুইজনের নাম উল্লেখ করে আজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে অভিযোগ এনে সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মাইদুল ইসলাম।
এ ঘটনায় ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল সরকার পিন্টু জানান, নির্বাচনি এলাকায় প্রচারণা শেষে তারা স্টলে বসে চা খাচ্ছিলেন। এ সময় নির্বাচনি অফিসে দায়িত্বরত কয়েকজন কর্মীও রাতের খাবার খেতে হোটেলে যায়। এ সুযোগেই দুর্বৃত্তরা আগুন দেয় নির্বাচনি অফিসে। পোস্টারে দেওয়া আগুন দাউ দাউ করে জ্বলে উঠলে দৌড়াদৌড়ি করে এসে আগুন নিভায় স্থানীয়রা। তিনি আরও জানান, এ অগ্নিসংযোগের ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও অনেক পোস্টার ও ফেস্টুন পুড়ে গেছে। কে বা কারা এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি ও জামায়াতের লোকজন এমন ঘটনা ঘটাতে পারে। যাতে করে নির্বাচন বানচাল ও মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে।
এমন ঘটনায় মোবাইল ফোনে যোগাযোগ করা হলে উপজেলা বিএনপির আহবায়ক ইসাহাক আলী জানান, ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনাটি তিনি শুনেছেন। তবে এমন ধরনের নাশকতার কাজ বিএনপির কোনো কর্মী করতে পারে এটি তিনি বিশ্বাস করেন না। কারণ এ মুহূর্তে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ধর-পাকড়া এড়াতে এলাকাছাড়া। তারা গ্রেফতার এড়াতে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে আছেন। তাদের দ্বারা এমন কাজ সম্ভব না।
নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051