ক্ষমতা ছেড়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা দিতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
তিনি বলেছেন, সরকার যদি সত্যিকার অর্থে গণতন্ত্রে বিশ্বাস করে, তাহলে তাদের সামনে একটি পথ খোলা আছে। সেটা হলো ক্ষমতা ছেড়ে দিয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা দেওয়া। এটাই আমরা চাই। প্রতিহিংসার রাজনীতি পরিত্যাগ করে শান্তিপূর্ণ সহাবস্থানে সরকার ফিরে আসুক। এছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই।
মঙ্গলবার দুপুরে মিরপুর পলবীতে সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হককে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিএনপি মধ্যবর্তী নির্বাচনের দাবি জানাচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মধ্যবর্তী নির্বাচন বলে কোনো কথা নেই। যে নির্বাচন হয়েছে, এটা কোনো নির্বাচন হয়নি। আর শুধু বিএনপির নয়, আওয়ামী লীগের ভোটাররাও এই নির্বাচন সম্পূর্ণভাবে বর্জন করেছে। এটা কোনো নির্বাচন নয়, এটা প্রহসন, নাটক ও সার্কাস। আজ যে সংসদ, সেটা একটা নাট্যশালায় পরিণত হয়েছে। সুতরাং সরকার যে পথে হাঁটছে, সেটা সঠিক পথ নয়।’
‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মার্কিন প্রতিনিধিদলের কাছে লাঠিতে ভর দিয়ে নালিশ করতে গিয়েছেন’- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্য প্রসঙ্গে ড. মঈন বলেন, ‘বিএনপি মহাসচিব একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। কোনো নীতিমান লোক একজন সিনিয়র সিটিজেন সম্পর্কে এ ধরনের কথা বলতে পারেন না।’
তিনি বলেন, ‘সরকারের প্রভাবশালী একজন মন্ত্রী, তিনি নিজেই নির্বাচনে সহযোগিতা করার জন্য আমাদের বন্ধুরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন। আর নির্বাচনের আগে আমাদের পূর্ববর্তী মন্ত্রী বন্ধুরাষ্ট্রে গিয়ে সহায়তা চেয়েছিলেন। সুতরাং আজ কে বিদেশিদের কাছে গিয়ে কী বলছে না বলছে, সেগুলো সরকার নিজেই প্রকাশ করে দিয়েছে। তারা নিজেই স্বীকার করেছে। বিদেশিদের সঙ্গে মানুষ কথা বলবে না কেন? আমরা তো কারও বিরোধিতা করি না। বিএনপি বিদেশিদের সঙ্গে কথা বলবে, এতে অপরাধের কী হলো। সেটা তো আমরা বুঝতে পারি না।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের রাজনীতিকেই সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজ দেশের রাজনীতির যে সমস্যা, সেটা হচ্ছে প্রতিহিংসা। সরকারের লোকজন নিজেরাই বলছে, ২৫ থেকে ২৬ হাজার বিএনপির নেতাকর্মীদের জেলের ভেতরে যদি ঢুকিয়ে না রাখত, তাহলে তাদের পতন হতো।’
এ সময় আমিনুল হক বলেন, ‘এ অবৈধ সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একতরফা ও ডামি নির্বাচন করেছে। আমাদের যে দাবি ছিল, এই একতরফা নির্বাচনে যাতে মানুষ ভোট দিতে না যায়। আপনারা দেখেছেন, প্রতিটি ভোটকেন্দ্র খালি ছিল। কেউ ভোট দিতে যায়নি। আমার মতে, মাত্র ২ শতাংশ মানুষ ভোট দিতে গিয়েছিল। এই যে ভোট বর্জনের আহ্বান, এখানে বিএনপি নৈতিকভাবে জয়ী হয়েছে। সুতরাং দেশের জনগণ বিএনপির সঙ্গে আছে এবং ভবিষ্যতেও থাকবে।’
এদিকে সদ্য কারামুক্ত বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের সঙ্গে মঙ্গলবার বিকালে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। বেলা ৩টায় রাজধানীর ধানমন্ডিতে স্বপনের বাসায় যান তিনি। এ সময় তার শারীরিক ও পারিবারিক খোঁজখবর তিনি।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051