নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আজ শনিবার চলছে সকাল-সন্ধ্যা হরতাল। দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এই হরতালের ডাক দিয়েছে কোম্পানীগঞ্জ আওয়ামী লীগ। এ ছাড়া হামলার প্রতিবাদে আজ সকাল ১০টায় সংবাদ সম্মেলন করবেন বসুরহাট পৌর মেয়র এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা। এর পাশাপাশি প্রতিপক্ষের বিরুদ্ধে মামলার প্রস্তুতিও নিচ্ছেন তিনি।
জানা গেছে, গতকাল শুক্রবার কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশির হাট বাজারে আওয়ামী লীগের দুগ্রপের সংঘর্ষে অন্তত আটজন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হন।
এদিকে একই ঘটনায় নেতাকর্মীরা আহত এবং হামলার শিকার হয়েছে দাবি করে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বাদল।
গতকাল একটি সমাবেশ চলাকালে চাপরাশিরহাটে উভয় গ্রুপের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং পরে রক্ষক্ষয়ী সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের আটজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানা যায়।
কয়েকদিন ধরে কাদের মির্জা নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এবং ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর অপরাজনীতি বন্ধ করা, জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং ওসি তদন্তকে প্রত্যাহার করার আহ্বান জানিয়ে থানা ঘেরাও, হরতাল, অবরোধ, বিক্ষোভসহ বিভিন্ন আন্দোলন চালিয়ে আসছেন। এ ছাড়া সম্প্রতি মেয়রদের শপথ অনুষ্ঠানে যাওয়ার সময় ফেনীর দাগনভূঁইয়া ও চট্রগ্রামে পর পর দুদফা হামলার শিকার হয়েছেন দাবি করে এর প্রতিবাদে এবং দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি করেও আন্দোলন করছেন কাদের মির্জা।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051