কোম্পানির কোভিড-১৯ টিকা নীতিমালা না মানলে বেতন বাতিলসহ একপর্যায়ে গিয়ে চাকরিচ্যুত করা হবে বলে কর্মীদের জানিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। যুক্তরাষ্ট্রের অ্যালফাবেট ইনকরপোরেশনের প্রতিষ্ঠান গুগলের অফিসের অভ্যন্তরীণ নথির সূত্রে এ তথ্য দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
৩ ডিসেম্বরের মধ্যে কর্মীদের সবার টিকা বিষয়ক তথ্য এবং এ সংক্রান্ত প্রমাণ আপলোড করতে গুগলের ঊর্ধ্বতন পর্যায় থেকে বলা হয়। তবে, চিকিৎসাগত বা ধর্মীয় কোনো ব্যতিক্রম থাকলে সে ক্ষেত্রে আলাদা আবেদন করতে হবে।
নির্ধারিত সময়ের পর কেউ টিকা গ্রহণের তথ্য আপলোড না করলে বা টিকা না দিয়ে থাকলে অথবা কারও ব্যতিক্রমের কথা জানিয়ে করা আবেদন অনুমোদন না পেলে তাদের সঙ্গে যোগাযোগ শুরু করবে গুগল।
সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, ১৮ জানুয়ারির মধ্যে কোম্পানির টিকানীতির শর্ত পূরণ না করলে গুগলের কর্মীর ৩০ দিনের জন্য ‘বেতনসহ প্রশাসনিক ছুটিতে’ পাঠানো হবে। এর পর আসবে ছয় মাস পর্যন্ত ‘বেতনবিহীন ব্যক্তিগত ছুটি’র পালা এবং এর পর চাকরি বাতিল।
রয়টার্স গুগলের সঙ্গে যোগাযোগ করলে এ নিয়ে সরাসরি বক্তব্য না দিয়ে কোম্পানির পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের কর্মীরা যাতে টিকা নিতে পারেন, এ বিষয়ে সহযোগিতা করতে আমরা সবকিছু করতে প্রস্তুত। টিকাদান নীতির পক্ষে আমাদের অবস্থান অত্যন্ত শক্ত।’
আগামী ১০ জানুয়ারি গুগলের কর্মীদের অফিসে ফেরার কথা ছিল। ওমিক্রন ভ্যারিয়্যান্টের আগমনের ফলে গত মাসে তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়েছে। বর্তমানে বাসা থেকেই কাজ করছেন বিশ্বের সববৃহৎ সার্চ ইঞ্জিন কোম্পানির কর্মীরা।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051