
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বাংলাদেশের কোটি মানুষের একটাই দাবি ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। তাই অত্যাবশ্যকীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব গণতন্ত্র ফিরিয়ে দেওয়া উচিত।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নরসিংদী কারা বিদ্রোহের বার্ষিকীতে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আবদুল মঈন খান বলেন, আমরা আন্দোলন করেছি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য।
তারেক রহমান লন্ডনে বসে গণতন্ত্রের আন্দোলনকে সুসংগঠিত করেছেন। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, এটা বারবার প্রমাণিত হয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা মোড়ের মোমেন খান চত্বরে নরসিংদী-২ নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পলাশ থানা বিএনপির সভাপতি মো. আবদুল সাত্তার।
এ সময় জেলার জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও যুদ্ধাহতদের মধ্যে বিএনপির পক্ষ হতে অনুদান তুলে দেন ড. আবদুল মঈন খান।
পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জুলাই গণ-অভ্যুত্থানে নরসিংদীর প্রথম শহীদ স্কুলছাত্র তাহমিদ ভূঁইয়ার পিতা রফিকুল ইসলাম, নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার, পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা সারোয়ার হোসেন মৃধা, জেলা যুবদলের সাধারণ সস্পাদক হাসানুজ্জামান সরকার, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি আলম মোল্লা, পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের আহবায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।