করোনাভাইরাসের টিকা সংগ্রহে কেবল আশার বাণী শোনা যাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
তিনি বলেন, টিকা নিয়ে কেবল আশার বাণী শোনা যাচ্ছে। নিশ্চিতভাবে কবে, কোথায় থেকে এই টিকা আসবে সেই তথ্য পাওয়া যাচ্ছে না। সরকারের এই বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন।
সোমবার সংসদের বৈঠকে চলতি ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
জিএম কাদের বলেন, করোনার মধ্যে সবাই বিভীষিকাময় সময় পার করছে। উন্নত বিশ্ব সবাইকে টিকার আওতায় এনে সবকিছু আস্তে আস্তে খুলে দিচ্ছে। এতে অনেক উন্নত দেশ এগিয়ে গেছে। অনেক অনুন্নত দেশও তা করার চেষ্টা করছে। আমাদের দেশে সরকার টিকা দিতে যে পরিকল্পনা নিয়েছে তাতে দেশের ৮০ শতাংশ মানুষকে এক ডোজ টিকা দিতে পাঁচ বছর লাগবে। দুই ডোজ দিতে ১০ বছর লাগবে। এই পরিকল্পনায় এগুলো ১০ বছরে দেশের অর্থনীতি কী হবে তা বোঝা যাচ্ছে না।
স্বাস্থ্যখাতে অপ্রতুল বরাদ্দের অভিযোগ তুলে তিনি বলেন, সব দেশে স্বাস্থ্যখাতে বেশি বরাদ্দ দিয়ে থাকে। করোনায় সবাই উদ্বিগ্ন ও বিপর্যস্ত। এই সময় স্বাস্থ্যখাতে বেশি বরাদ্দ দরকার। কিন্তু এখানে বরাদ্দ খুবই কম।
স্বাস্থ্যখাতে কমপক্ষে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দরকার বলেও মন্তব্য করে তিনি বলেন, স্বাস্থ্যখাত শক্তিশালী হলে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। করোনা নিয়ন্ত্রণ হলে আমাদের অর্থনীতি চাঙ্গা হবে।
তিনি বলেন, কখন, কোথায় থেকে, কত টিকা পাওয়া যাবে এখন পর্যন্ত তা নিশ্চিত নয়। কিছু জায়গা থেকে বন্ধুসুলভ মনোভাব দেখিয়ে ডোনেশন পাওয়া গেছে। একটিমাত্র কোম্পানির সঙ্গে চুক্তি করার কারণে যখন তারা দিতে ব্যর্থ হয়েছে পরবর্তী কোনো বিকল্প ছিল না। এখন টিকা নিয়ে খুবই অনিশ্চয়তা তৈরি হয়েছে। টিকা কোথা থেকে আসবে তা খবরে শুধু আশার বাণী শোনা যাচ্ছে। এটা আনতে না পারলে জীবনের মত জীবিকাও ঝুঁকির মুখে পড়বে, অর্থনীতিও মুখ থুবড়ে পড়বে।
বিরোধী দলীয় উপনেতা বলেন, বাজেটের চেয়ে কম খরচ হওয়া যেমন অস্বাভাবিক, তেমনি বেশি খরচও অস্বাভাবিক। এই অস্বাভাবিক বিষয়গুলো বিশ্লেষণ করে এর কারণগুলো চিহ্নিত করে সমাধান করা দরকার। বৃদ্ধির প্রস্তাব এলে দেখতে হবে এখানে দুর্নীতি হয়েছে কিনা বা প্রাক্কলন যথাযথ হয়েছিল কিনা। ভুল-ত্রুটি কার কারণে হয়েছে, সেটা জবাবদিহির আওতায় আনা উচিত। সম্পূরক বাজেট নিয়ে যে আলোচনা হয় তা অনেকটা অর্থহীন আলোচনা। কেউ প্রাসঙ্গিক কথাও বলেন না, জবাবদিহিতা এখানে সঠিকভাবে প্রতিফলিত হয় না। পরিকল্পিতভাবে খরচ কমানো হলে মিতব্যয়িতা বলা যাবে। কিন্তু খরচ করতে না পারা অদক্ষতা। যারা এর জন্য দায়ী তাদের বিষয়ে দেখা উচিত। বাজেটের সম্পূর্ণ বিষয়টি একটি নিয়ম রক্ষার জন্য হয়। এখানে সংসদে থেকে জনগণের কোনো লাভ হয় বলে মনে হয় না।
জিএম কাদের বলেন, এই বাজেটে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি। করপোরেট কর কমানো হয়েছে। এতে ধনী আরও ধনী হবে, গরিব আরও গরিব হবে। ধনীদের তোষণের জন্য এই বাজেট অত্যন্ত কার্যকর হবে বলে অনেকে মনে করছেন। অনেক বিশেষজ্ঞ বলেছেন, এই বাজেটকে বলা যায়, বাজেট অব দ্য বিজনেসম্যান বাই দ্য বিজনেসম্যান ফর দ্য বিজনেসম্যান। তারা বড় ব্যবসায়ীদের বুঝিয়েছেন, মাঝারি এবং নিচু স্তরের ব্যবসায়ীকে বোঝাননি।
তিনি বলেন, স্বাস্থ্যখাতে প্রস্তাবিত বাজেটে বরাদ্দ জিডিপির ০.৮৩ শতাংশ। এটা ৪–৫ শতাংশ দেওয়া উচিত ছিল। করোনা মহামারির কারণে বাড়ানো উচিত ছিল। কমপক্ষে জিডিপির ২ শতাংশ উচিত ছিল। করোনা নিয়ন্ত্রণ হলে অর্থনীতি চাঙা হবে। তাই স্বাস্থ্যের দিকে খয়াল করতে হবে। এটাকে অবহেলা করা উচিত না। কিন্তু অবহেলা করা হচ্ছে। যেটা এই খাতে মঞ্জুরি দেওয়া হচ্ছে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানা যাচ্ছে, এই অর্থের অপচয় হচ্ছে। যাদের ধরা হয়েছে, মামলা হয়েছে, কোনো শাস্তি পেয়েছে এমনটা দেখা যায় না। কোনো না কোনো ফাঁক দিয়ে তারা বের হয়ে যাচ্ছে। তারা পুকুর চুরি করে বের হয়ে যাচ্ছে। যারা এসব তুলে ধরছেন তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে বলে জনগণের চোখে ধরা পড়ছে।
তিনি বলেন, কিছুদিন আগে একজন সাংবাদিককে বিভিন্নভাবে হেনস্তা করা হয়েছে। গলা টিপে ধরা হয়েছে, তার নামে মামলা দেওয়া হয়েছে। গুজব ছড়াচ্ছে তার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হতে পারে, বিশাল শাস্তি হতে পারে। আমরা চাই আইনের শাসন থাকুক, কেউ অপরাধ করলে শাস্তি হোক। কিন্তু যারা গণমাধ্যমে কাজ করে তাদের কিছু দায়িত্ব থাকে। সাংবাদিকতা পিলার অব দ্য স্টেট। অনুসন্ধানী সাংবাদিকতা জবাবদিহি নিশ্চিত করতে কাজ করে। সেখানে সাংবাদিকদের এইটুকু সুযোগ দেওয়া সমাজের দায়িত্ব।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051