নেত্রকোনার কেন্দুয়া পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী শফিকুল ইসলাম শফিকের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মিছিলে সরকার দলীয় লোকজনের হামলা করার অভিযোগ উঠেছে। বিএনপির দাবী দলীয় প্রার্থীসহ তাদের কমপক্ষে ৫জন আহত হয়েছে। তবে আওয়ামী লীগ অভিযোগ অস্বীকার করেছে।
কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হিলালী জানান, পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী শফিকুল ইসলাম শফিককে নিয়ে রোববার দুপুরে দলীয় কার্যালয় থেকে নেতাকর্মী ও সমর্থকরা মিছিল করে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন জমা দেয়ার জন্য যাচ্ছিলেন।
উপজেলা পরিষদ কার্যালয়ের গেইটে যাওয়ার সাথে সাথে পিছন থেকে আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা দুইদিক থেকে তাদের ওপর হামলা চালায়। এতে দলীয় প্রার্থী শফিকুল ইসলাম শফিক, জেলা বিএনপি নেতা মাসুদুর রহমান ভুইয়া রুবেল, প্রার্থীর সমর্থক রিয়াদ হাসান, ছাত্রদল নেতা আফজাল মিলকী ও মিজানুর রহমান আহত হয়। গুরুতর আহত আফজাল মিলকীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে বিএনপি দলীয় প্রার্থী পুলিশী প্রহরায় মনোনয়নপত্র জমা দেন।
এ ব্যাপারে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল কাদির ভুইয়া বিএনপির মিছিলে হামলার কথা অস্বীকার করে বলেন, আমাদের কোন নেতাকর্মী বিএনপির মিছিলে হামলা করেনি। মনোনয়ন জমা দেওয়ার আগে তারা উস্কানিমুলক স্লোগান দেয়। এ সময় উত্তেজিত জনতা তাদের ধাওয়া করে। তারা নিজেরা নিজেদের ওপর হামলা করে দোষ অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। নির্বাচন পরিবেশ নষ্ট করার জন্য এ ধরনের কথা বলছে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ্ নেওয়াজ বলেন, বিএনপি দলীয় প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়ার আগে তাদের দলীয় অফিস থেকে মিছিল নিয়ে যাচ্ছিল। ওই সময় মিছিল থেকে উস্কানিমুলক স্লোগান দেয়। এতে উত্তেজনা দেখা দেয়। এ সময় বিএনপির নেতাকর্মীদের প্রতিপক্ষের লোকজন ধাওয়া করে। পরে পুলিশি প্রহরায় তাদের মনোয়ন দাখিল ও বাসায় পৌছে দেয়া হয়। আহত হওয়ার বিষয়টি কেউ আমাদের জানায়নি।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051