ঢাকাস্থ বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিকদের সঙ্গে বুধবার বৈঠক করবে বিএনপি। দুপুর ২টা থেকে রাজধানীর গুলশানের একটি হোটেলে এ বৈঠক হবে। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একজন কেন্দ্রীয় নেতা জানান, এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, অস্ট্রেলিয়া, জার্মানী, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘের আবাসিক প্রতিনিধিসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।
শনিবার রাজধানীর প্রবেশপথে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুরসহ সংঘর্ষে অনেকেই আহত হন। বিএনপির তথ্য অনুযায়ী, ওই ঘটনায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ৬৫০ জনেরও বেশি নেতাকর্মী গুরুতর আহত হন। গ্রেফতার করা হয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ ২৫০ জনের বেশি। সূত্রমতে, সংঘর্ষের ভিডিও, স্থির তথ্যচিত্রসহ তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে দলটি। বৈঠকে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ভিডিও ও স্থির তথ্যচিত্র প্রজেক্টরের মাধ্যমে কূটনীতিকদের দেখানো হবে। এছাড়াও স্থির চিত্রসহ ঘটনার বিবরণ লিখিত আকারেও দেওয়া হবে। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতা এবং সমমনা দল ও জোটের নেতারাও থাকবেন।
এছাড়াও সংঘর্ষের পুরো চিত্র প্রতিবেদন আকারে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থার কাছেও পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শিগগিরই তা পাঠানো হবে বলে জানা গেছে।
বিএনপির একাধিক নীতিনির্ধারক বলেন, বাংলাদেশের জনগণের ওপর ভিসানীতি দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার পথে যারা বাধা সৃষ্টি করবে তাদেরকে এ ভিসানীতির আওতায় আনা হবে। কী কী পদক্ষেপ বাধা হিসাবে গণ্য হবে সেটাও উল্লেখ করা হয়েছে। সেখানে বিরোধী দলের সভা-সমাবেশে বাধা দেওয়ার বিষয়টিও রয়েছে। তারা মনে করেন, বিএনপি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে আসছে। শনিবারের অবস্থান কর্মসূচিতে বিনা উসকানিতে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এটা নিঃসন্দেহে বিরোধী দলের সভা-সমাবেশে বাধা হিসাবে গণ্য হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051